আজকাল ওয়েবডেস্ক: ভূমিকম্পের প্রভাব পড়ল ভারতীয় শিবিরে। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর কলকাতায় পৌঁছয় টিম ইন্ডিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেলের মধ্যে কলকাতায় পা রাখার কথা ছিল সূর্যকুমার যাদবদের। সন্ধে ৬.১৫ মিনিটে কালীঘাট মন্দিরে যাওয়ার কথা ছিল গৌতম গম্ভীরের। কিন্তু ভূমিকম্পের জেরে বিমান বিভ্রাট। বেশ কিছুক্ষণ চেন্নাই বিমানবন্দরে অপেক্ষা করতে হয় ভারতীয় ক্রিকেটারদের। শেষপর্যন্ত রাতে কলকাতায় এসে পৌঁছয় সূর্য অ্যান্ড কোম্পানি। এই ইডেনেই মেন্টর হিসেবে সাফল্যের চূড়োয় বসেন গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে জেতেন আইপিএল। যা ভারতীয় দলের হেড কোচ হিসেবে তাঁর টিকিট পাকা করে। এবার সেই ইডেনেই আরও একটি অগ্নিপরীক্ষার মুখে দাঁড়িয়ে গম্ভীর। নিজের ভাগ্য পরীক্ষার আগে শুক্রবার কলকাতায় নেমে কালীঘাটে পুজো দিয়ে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার হেড কোচের। কিন্তু ভূমিকম্পের জেরে ভেস্তে যায় যাবতীয় পরিকল্পনা। 

শুক্রবার দুপুরে ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা। যা আতঙ্ক তৈরি করে ভারতীয় শিবিরেও। বিমানবিভ্রাটে চেন্নাই বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে থাকে ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়ারা। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে কলকাতায় পৌঁছয় টিম ইন্ডিয়া। যার ফলে এদিন কালীঘাটে যাওয়া স্থগিত করতে হয় গম্ভীরকে। ভূমিকম্পের আতঙ্ক কলকাতা বিমানবন্দরে ছড়িয়ে পড়ায় প্রায় ৪৫ মিনিট বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়। যেকোনো ভূমিকম্পের পর আফটারশকের প্রবণতা থাকে। বিমান পরিষেবায় যাতে কোনও বিপদ না ঘটে, সেই সময় কলকাতায় সমস্ত উড়ানের ওঠা-নামা বন্ধ রাখা হয়। এদিন সেই সময় চেন্নাইয়ে টেক অফের অপেক্ষায় ছিলেন সূর্যরা। কিন্তু কলকাতা বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকায় দল প্রায় এক ঘন্টা বিমানের ভেতর আটকে থাকে। যার ফলে শুক্রবার গম্ভীরের পুজো দেওয়া হয়নি। শনিবার সকালে কালীঘাট মন্দিরে যাবেন টিম ইন্ডিয়ার হেড কোচ। সূত্রের খবর, সকাল ১১টা নাগাদ যাওয়ার কথা। সন্ধে ছ'টা থেকে ইডেনে প্র্যাকটিস। এদিন দলের সঙ্গে কলকাতায় আসেননি রিঙ্কু সিং। বাবার শেষকৃত্যে যোগ দিতে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ভারতীয় শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা কম। শনিবার সন্ধেয় ইডেনে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি সারবে টিম ইন্ডিয়া। পয়া মাঠ থেকেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া গুরু গম্ভীর। রবিবার কার্যত কোয়ার্টার ফাইনাল। শনিবার দুপুরে ক্রিকেটের নন্দনকাননে প্র্যাকটিস সারবে সাই হোপরা।‌