আজকাল ওয়েবডেস্ক: রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনাল। টি-২০ ক্রিকেটে ক্যারিবিয়ানরা বরাবরই বিপজ্জনক। তাই সাই হোপদের বিরুদ্ধে নামার আগে সতর্ক রায়ান টেন দুশখাতে। ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটিংয়ের বিষয়ে ওয়াকিবহাল গম্ভীরের ডেপুটি। তারওপর ইডেন গার্ডেন্স। যেখানে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে ব্রায়ান লারার দেশ। তাই সতর্কবার্তা টিম ইন্ডিয়ার সহকারী কোচের মুখে। দুশখাতে বলেন, 'টি-২০ ওদের সহজাত প্রবৃত্তি কিনা জানি না। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী টি-২০ দল। পাওয়ার আছে। টি-২০ তে নিজেদের উজাড় করে দেয়। ওদের ক্যালেন্ডারে এটা বড় মুহূর্ত। ওরা এটার জন্য তৈরি থাকে। ভাল ম্যাচের আশা করছি।'
রবিবার তুরুপের তাস হয়ে উঠতে পারেন বরুণ চক্রবর্তী। ইডেন তাঁর পরিচিত মাঠ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কীভাবে ব্যবহার করা হবে রহস্য স্পিনারকে? দুশখাতে বলেন,'আমাদের দলের প্রায় সবাই একে অপরের বিরুদ্ধে খেলেছে। সবাই প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতা জানে। বরুণ পাওয়ার প্লেতে আক্রমণে আমাদের একটা বিকল্প। এছাড়াও অন্য স্ট্র্যাটেজি আছে। এটা ওর চেনা মাঠ। বহুবার এখানে খেলেছে। আমরা সবসময় ওর থেকে উইকেট চাই।' ওয়েস্ট ইন্ডিজের শক্তি ব্যাটিং। দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৭ উইকেট পড়ে যাওয়ায় পর অষ্টম উইকেটে রেকর্ড রান ওঠে। শেষদিকে জ্বলে ওঠেন হোল্ডার এবং শেফার্ড। এই বিষয়টি কি চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে? দুশখাতে বলেন, 'আমাদের বোলিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ ওয়েস্ট ইন্ডিজের ন'নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে। শেফার্ড নয়ে নামে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গভীরতা আছে। ওয়েস্ট ইন্ডিজ ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলে। তবে আমরাও যেকোনও চ্যালেঞ্জের জন্য তৈরি।'
ভারতীয় দলে বড় পার্টনারশিপ গড়ে উঠছে না। তবে সেই নিয়ে চিন্তিত নয় গম্ভীরের ডেপুটি। দাবি করেন, টি-২০ ক্রিকেটে ৩০, ৪০, ৬০ রানের পার্টনারশিপও গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে ছয় নম্বরে নেমেছিলেন তিলক বর্মা। ইডেনেও কি একই পজিশনে দেখা যাবে তাঁকে? দুশখাতে স্পষ্ট জানিয়ে দিলেন, ওপেনার ছাড়া কারোর কোনও নির্দিষ্ট জায়গা নেই। প্রয়োজন অনুযায়ী খেলানো হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ওপেন করবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। ওয়ান ডাউনে নামবেন ঈশান কিষাণ। ইডেনের পিচ নিয়ে আশাবাদী টিম ইন্ডিয়ার সহকারী কোচ। জানান, প্রথমে ব্যাট করলে, উইকেট অনুযায়ী ২০০ রানের গণ্ডি পার করার চেষ্টা করবে টিম ইন্ডিয়া।
