আজকাল ওয়েবডেস্ক: ভারত ম্যাচ হারতেই নামিবিয়া ম্যাচে জোড়া বদল করল পাকিস্তান। ভারতের কাছে হারের পর শোনা গিয়েছিল, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানকে বাদ দিতে পারে পাকিস্তান। নামিবিয়ার বিরুদ্ধে জোড়া বদল করল তারা। তবে তিন জনই বাদ পড়েননি। এই তিন ক্রিকেটারের মধ্যে একমাত্র শাহিনকে বাদ দেওয়া হয়েছে। বাবর ও শাদাব প্রথম একাদশে রয়েছেন।
নামিবিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দলের অধিনায়ক সলমন আলি আঘা জানান, দলে দুই বদল হয়েছে। তিনি জানান, শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ খেলছে না। তাদের বদলে খোয়াজা নাফায় ও সলমন মির্জা দলে এসেছেন।
প্রসঙ্গত, নাফায় উইকেটরক্ষক–ব্যাটার। আর মির্জা পেসার। অর্থাৎ, এক পেসারের বদলে আর এক পেসারকে এনেছে পাকিস্তান। কিন্তু এক স্পিনারের বদলে ব্যাটার দলে নিয়েছে তারা। এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, দলের ব্যাটিং গভীরতা বাড়াতে চেয়েছে পাকিস্তান। দলে স্পিনারের অভাব নেই। ভারতের বিরুদ্ধে ছয় স্পিনার ছিল দলে। তার বদলে নামিবিয়ার বিরুদ্ধে পাঁচ স্পিনারেই হয়ে যাবে বলে মনে করেছেন সলমনরা। ফলে এক জন অতিরিক্ত ব্যাটার রাখা হয়েছে প্রথম একাদশে।
প্রসঙ্গত, ভারতের কাছে হারের পর শোনা গিয়েছিল, বাবর, শাদাব ও শাহিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি নন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তিনি নাকি সরাসরি কোচ মাইক হেসন ও অধিনায়ক সলমনকে দলে বদলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আদতে বাবর ও শাদাবকে সরানোর সাহস পায়নি পাকিস্তান। কারণ, শ্রীলঙ্কার পিচে তাদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার বাবর। বিশেষ করে ছোট দলের বিরুদ্ধে বাবরের ভাল পারফরম্যান্স রয়েছে। সেই কারণে তাঁকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে। সুযোগ পেয়েছেন শাদাবও। কিন্তু শাহিনকে আর দলে রাখেনি পাকিস্তান।
নামিবিয়ার বিরুদ্ধে খেলা শুরুর আগে মাঠে নেমে সকলের আগে অনুশীলন শুরু করেছিলেন শাহিন। দেখে মনে হয়েছিল, তিনি খেলবেন। কিন্তু আদতে দেখা গেল, তাঁকে বাদ দেওয়া হয়েছে। দুই তরুণ ক্রিকেটার নাফায় ও মির্জাকে খেলিয়ে সুপার এইটের আগে প্রস্তুত রাখতে চাইছে পাকিস্তান।
















