আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে শনিবার থেকে। তার আগে নক-আউট পর্বে আম্পায়ারদের তালিকা প্রকাশ করল আইসিসি।
রবিবার আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে আম্পায়ার থাকবেন রিচার্ড কেটলবরো এবং ক্রিস গ্যাফনি।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচ দিয়েই সুপার এইট অভিযান শুরু করবে ভারত।
সুপার এইট পর্ব শুরু হবে শনিবার কলম্বোতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। ওই ম্যাচে মাঠে আম্পায়ার থাকছেন রড টাকার ও পল রাইফেল। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার থাকবেন স্যাম নোগাজস্কি।
আইসিসি আরও জানিয়েছে, ২ ফেব্রুয়ারি ক্যান্ডিতে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচে মাঠে থাকবেন রড টাকার ও নোগাজস্কি। একই ভেন্যুতে ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচেও নোগাজস্কি দায়িত্ব পালন করবেন ভারতের নীতিন মেননের সঙ্গে।
রবিবার ক্যান্ডিতে সহ-আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচ এবং ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও আহসান রাজা।
২৫ ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচে মাঠে থাকবেন পালেকার ও আসিফ ইয়াকুব। ১ মার্চ কলকাতায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সুপার এইট পর্বের শেষ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গ্যাফনি ও ওয়ার্ফ।
এছাড়া ২৬ ফেব্রুয়ারি সহ-আয়োজক শ্রীলঙ্কার জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে মাঠে থাকবেন ওয়ার্ফ ও কেটলবরো। ২৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও জয়ারামন মাদানাগোপাল।
২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মাঠে থাকবেন শাহিদ সাইকাত ও কুমার ধর্মসেনা। পরে ১ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে ম্যাচে ধর্মসেনা আবার দায়িত্ব পালন করবেন ইলিংওয়ার্থের সঙ্গে।
সুপার এইট পর্বে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন রঞ্জন মধুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগল শ্রীনাথ।
