আজকাল ওয়েবডেস্ক: অভিষেক শর্মার ফর্ম নিয়ে চিন্তা। টানা তিন ম্যাচে শূন্য রান করেছেন তিনি। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি নামবেন অভিষেক? ভারতের বাঁ হাতি ওপেনারকে নিয়ে চলছে জল্পনা। এই আবহেই ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর দলের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মার পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন। সূর্য বললেন, ''আমাদের কোনও চিন্তা নেই, উদ্বেগও নেই। অভিষেকের ফর্ম নিয়ে যাঁরা এত চিন্তিত, আমি তাঁদের জন্যই চিন্তা করছি।'' 

ভারত অধিনায়ক আরও বলেন, ''এটা তো দলগত খেলা। গত বছর ও আমাদের বাঁচিয়েছে। এখন আমরা একে বাঁচাচ্ছে।'' 

ফর্মে না থাকলেও অভিষেককেই কিন্তু প্রথম একাদশে রাখা হবে প্রোটিয়াদের বিরুদ্ধে। গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জয়। সুপার এইটে উঠেছে ভারত। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ। প্রোটিয়ারাও গ্রুপ পর্বে ছিল অপরাজিত। শুক্রবার থেকে এই ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। প্রস্তুতি শুরুর আগে সূর্যদের উদ্বুদ্ধ করলেন তিন শূন্য করা অভিষেক শর্মা।


ভারতীয় দলের প্রস্তুতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে দেখা গিয়েছে, অনুশীলন শুরুর আগে দলকে উদ্বুদ্ধ করছেন অভিষেক। অনুশীলন শুরুর আগে টিম হার্ডলে (গোল করে পরস্পরের কাঁধে হাত দিয়ে দাঁড়ানো) বক্তব্য রাখছেন অভিষেক। তাঁর ডান দিকে শিবম দুবে এবং বাঁ দিকে ঈশান কিষান। খুব বেশি কথা অভিষেক বলেননি। তিনি বলা শুরু করতেই মুখ টিপে হাসতে শুরু করেন ঈশান। একাধিকবার হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করতেও দেখা যায় তাঁকে। অভিষেকের ‘পেপ টক’ শেষ হওয়ার পর অবশ্য সূর্যদের সকলকেই হাসতে দেখা গিয়েছে।