আজকাল ওয়েবডেস্ক: গত দু'দশক ধরে ভারতীয় ক্রিকেটকে তিলে তিলে গড়ে উঠতে দেখেছেন। প্রথমে প্লেয়ার হিসেবে, তারপর অধিনায়ক এবং পরবর্তীতে কোচ হিসেবে। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে শেষবার টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। এবার খেতাব ধরে রাখার পালা। যা জোরালভাবে শুরু হয়েছে। অপরাজিত থেকে সুপার এইটের ছাড়পত্র সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপে নিজের স্বপ্নের ফাইনালের কথা জানালেন রাহুল দ্রাবিড়। দ্বিতীয় দল সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করতে না পারলেও, ভারতকে ফাইনালে দেখছেন।
রাহুল দ্রাবিড় বলেন, 'ভারত বনাম যেকোনো দল। সেমিফাইনালে উঠলে যেকোনো দল ফাইনালে যেতে পারে। আমি ভারতের বিরুদ্ধে একটা কমজোরী দলকে দেখতে চাইব।' সুপার এইটে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ১ মার্চ, রবিবার ইডেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবরা সেমিফাইনাল খেলবে মুম্বইয়ে। ভারতের ফাইনালে যাওয়ার বিষয়ে নিশ্চিত দ্রাবিড়। ইমরান খানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দ্রাবিড়। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের সুস্থতা কামনায় তিনি। দ্রাবিড় বলেন, 'অন্যান্য সতীর্থ ক্রিকেটার এবং অধিনায়কের মতো আমি তাঁর সুস্থতা কামনা করি। রাজনীতির প্রসঙ্গে আমি ঢুকতে চাই না। সেটাকে বাইরে রেখে চাইব তাঁর যেন সবরকমের শুশ্রূষা হয়। নিজের পারফরম্যান্স দিয়ে শুধুমাত্র পাকিস্তান নয়, গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। তাই এইটুকু প্রাপ্য।' এর আগে ইমরানের পাশে দাঁড়ান শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলিরা।
