আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের অপ্রত্যাশিত হারে অবাক বিশ্বক্রিকেট। হার-জিত খেলার অঙ্গ। তবে যেভাবে ভারতকে হারিয়েছে প্রোটিয়ারা, সেটা কল্পনাতীত। ভারতের হারের পেছনে একাধিক কারণ রয়েছে। তারমধ্যে অনেকেই মনে করছে, প্রথম একাদশ থেকে অক্ষর প্যাটেলের বাদ পড়া অন্যতম কারণ। আগের ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অক্ষর। তাসত্ত্বেও সুপার এইটের ম্যাচে তাঁকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। ওয়াশিংটন সুন্দরকে খেলানো নিয়ে বিভক্ত বিশ্বক্রিকেট। অনেকেই এই সিদ্ধান্তে সমর্থন জানালেও, রবিচন্দ্রন অশ্বিনের মতো অনেকের ধারণা, এটাই বড় ভুল ভারতের। 

অশ্বিন মনে করেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো ভুল করেছে ভারত। এক, অক্ষরের জায়গায় ওয়াশিংটনকে খেলানো। দ্বিতীয়ত, রিঙ্কু সিংকে আট নম্বরে নামানো। অশ্বিন বলেন, 'ম্যাচ আপের জন্য আইপিএল ভাল। কিন্তু এখানে দল পরিবর্তন করতে হবে। কারণ পরপর এতগুলো ম্যাচ খেলতে হবে। কিন্তু আইসিসি টুর্নামেন্টে একটা স্থায়ী দল ধরে রাখতে পারলেই ভাল। আমি ১০০ শতাংশ মানছি যে বাঁ হাতিদের বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরকে ব্যবহার করতে হবে। কিন্তু টি-২০ ক্রিকেটে অনেক এগিয়ে অক্ষর। ওর অবদান ভুললে চলবে না।' 

২০২৪ বিশ্বকাপের উদাহরণ টেনে আনেন প্রাক্তন স্পিনার। ফাইনালে বিরাট কোহলির সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ ছিল অক্ষরের। যার ফলে প্রতিযোগিতামূলক রানে পৌঁছয় ভারত। অশ্বিনের বিশ্বাস, রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধেও একই কাজ করতে পারতেন অক্ষর। অশ্বিন বলেন, 'আগের বিশ্বকাপে একইরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিরাটের সঙ্গে জুটি বেঁধে ১৭০ রানের গণ্ডি টপকায় ভারত। যদি ভারতের কয়েকটা উইকেট হাতে থাকত, এবং মাঝের ওভারগুলোতে কেউ স্থায়িত্ব দিতে পারত, ভারত রান তাড়া করে জিতে যেত।'

রিঙ্কুকে আটে নামানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন করেন। তিনি মনে করেন, তাঁর মানের ব্যাটারকে আরও আগে নামানো উচিত ছিল। ওয়াশিংটন সুন্দরকে পাঁচ নম্বরে নামানো হয়। অশ্বিন বলেন, 'আট জন ব্যাটারের মধ্যে রিঙ্কুকে আটে নামানো অর্থহীন। এই পজিশনে নামার জন্য উপযুক্ত নয় ও, আরও আগে নামানো উচিত ছিল। ওয়াশিংটন সুন্দরকে যোগ্য সম্মান দিয়েই বলছি, রিঙ্কুকে এত পরে নামানো উচিত হয়নি। দক্ষিণ আফ্রিকা ভারতকে শিক্ষা দিয়েছে। প্রস্তুতি না নিয়ে কোনও ম্যাচে মাঠে নামা উচিত নয়।' এই ম্যাচ থেকে বড় শিক্ষা টিম ইন্ডিয়ার। শেষ চারে যেতে হলে, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাকি দুটি ম্যাচ জিততেই হবে সূর্যকুমারদের।