আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৩৩ বলে ১০০ রান করে ফিন অ্যালেন অপরাজিত থেকে যান। ১০টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস।
নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে দরকার ছিল মাত্র ১ রান। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে অ্যালেনের দরকার ছিল ৪ রান। জ্যানসেনকে বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি করেন কিউয়ি ওপেনার। টি–টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।
সেই ফিন অ্যালেনকে ম্যাচের শেষে জিজ্ঞাসা করা হয়েছিল, ভারত না ইংল্যান্ড? কার বিরুদ্ধে আপনি ফাইনালে খেলতে চান?
বিস্ফোরক কিউয়ি ওপেনারের সাফ জবাব, ''ফাইনালে বড় লড়াই। কে ফাইনালে পৌঁছচ্ছে সেটা বড় ব্যাপার নয়। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।''
অ্যালেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ১৬৯ রান ১২.৫ ওভারেই তাড়া করে ফেলে নিউজিল্যান্ড। আরেক কিউয়ি ওপেনার সেইফার্ট ৫৮ রানের ঝড় তোলেন।
৪৩ বল বাকি থাকতে নিউজিল্যান্ড হাসতে হাসতে ফাইনালে পৌঁছে গেল। কিন্তু এত সহজে কি দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব ছিল? কেউ কি ভেবেছিলেন একতরফা ম্যাচ জিতে নেবে কিউয়িরা?
অ্যালেন ঝড়ে নিউজিল্যান্ড পৌঁছে গেল ফাইনালে।
বৃহস্পতিবার ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমিফাইনালের বল গড়াচ্ছে। ঘরের মাঠে শেষ চারের লড়াই। ভারতকে অনেকেই এগিয়ে রাখছেন। এই ওয়াংখেড়েতেই গত বছর অভিষেক শর্মা ১৩৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। আজ কী হবে? অনেক প্রশ্নের জবাব দিয়ে যাবে বহু যুদ্ধের সাক্ষী ওয়াংখেড়ে।
