আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ আমির আর শোধরালেন না। বিশ্বকাপের শুরু থেকে ভারতের বিরুদ্ধে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছেন। আর প্রতিবারই তিনি ভুল প্রমাণিত হয়েছেন। ফাইনালের আগে আবারও তিনি ভবিষ্যদ্বাণী করলেন। আমির বললেন, ''মুম্বইয়ের মতো পিচ হবে না আহমেদাবাদে। পেস থাকবে, বাউন্সও থাকবে। দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ড ভারতের পরীক্ষা নিয়েছে। যে কোনও দলই জিততে পারে। বোলিং ও ফিল্ডিংয়ের নিরিখে বিচার করলে আমি কিন্তু নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখব।''

সঞ্জু স্যামসন ও হার্দিক পাণ্ডিয়ার ক্যাচ ফেলেছে ইংল্যান্ড। ইংরেজরা যে ভুল করেছিল, সেই ভুল যদি কিউয়িরা না করে, তাহলে ফাইনালে ভারতকে পরাস্ত করবে নিউজিল্যান্ডই। 

গোটা টুর্নামেন্ট জুড়েই ভারতের বিরুদ্ধে একের পর এক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন আমির। অভিষেক শর্মাকে তিনি স্লগার বলে অসম্মান করেছিলেন।  পরে মহম্মদ কাইফকেও তিনি অসম্মান করেন। নিজের ইউটিউব চ্যানেলে আমির ভারতের প্রাক্তন তারকাকে আক্রমণ করে বলেন, ''ওর ক্রিকেট কেরিয়ার সম্পর্কে আমার বিশেষ কিছু জানায়নি। আমি ওর স্ট্যাটস দেখেছি। আইপিএলে মাত্র ২৯টি ম্যাচ খেলেছে। স্ট্রাইক রেট ১০৩। ও বলেছে ভারত সম্পর্কে মন্তব্য করে আমি নাকি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। প্রথমত ভারত সম্পর্কে মন্তব্য করে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই না। মিস্টার কাইফ আমি ৩৫০টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। তুমি আমার পরিসংখ্যান খতিয়ে দেখতে পারো।''

পাক ক্রিকেটার অসম্মান করেছেন ভারতের তারকাকে। আমির বলেছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ধন্যবাদ জানাতে পারেন জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য। কেবলমাত্র ফিল্ডিংয়ের জন্য কাইফ জাতীয় দলে সুযোগ পেতেন বলেই কটাক্ষ করেছেন আমির। তিনি বলেছেন, ''ফিল্ডিংয়ের জন্য আমি কেবল দলে ছিলাম না। পারফরম্যান্স করে আমি দলে থেকেছি। আপনি দাদাকে ধন্যবাদ জানান। আমি শুনেছি আপনি কেবলমাত্র ফিল্ডিংয়ের জন্যই দলে ছিলেন। আপনি নিজে ক্রিকেটার। এই ধরনের মন্তব্য আপনার কাছ থেকে প্রত্যাশিত নয়।''

কিন্তু আমির কেন হঠাৎ কাইফকে আক্রমণ করতে গেলেন?  কাইফ বলেছিলেন, ''২০২৪ সালে আমেরিকার বিরুদ্ধে যে দলটা হেরেছিল সেই দলের বোলার ছিলেন একজন। সেই ওভারে মাত্র একটা বাউন্ডারি হজম করেছিলেন তিনি কিন্তু অনেকগুলো ওয়াইড বল করেছিলেন। তাঁর ডেলিভারিগুলো স্টাম্পের কাছেই পড়েনি। আমেরিকার বিরুদ্ধে তিনিও ভয় পেয়ে গিয়েছিলেন। তাঁর জন্যই হার মেনেছিল দল। এর বেশি আমি আর কিছু বলব না।'' 

চারদিকে তাঁকে নিয়ে কেবল চর্চা চলছে। তবুও বদলাচ্ছেন না মহম্মদ আমির। ফাইনালের আগে আবার তিনি নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখলেন।