আজকাল ওয়েবডেস্ক: পাক ক্রিকেট আর বিতর্ক যেন সমার্থক। একদিন আগেই প্রকাশ্যে এসেছিল একটি ভিডিও। নামিবিয়া ম্যাচের মাঝেই প্রকাশ্যে এসেছিল পাকিস্তানের ডাগআউটের একটি দৃশ্য। কোচের উপর রেগে গিয়ে জলের বোতল মাটিতে ছুড়ে ফেলতে দেখা গিয়েছিল পাকিস্তানের অধিনায়ক সলমন আঘাকে। সুপার এইটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেই নিয়ে কোচ মাইক হেসনকে প্রশ্ন করা হলে তিনি তা উড়িয়েই দিলেন। কেন আগের দিন বাবর আজমকে নামানো হয়নি, দিয়েছেন সেই প্রশ্নের উত্তরও।
হেসন বলেছেন, ‘আমাকে পাঠানো হয়েছে ভিডিওটা। দেখে বুঝেছি, পুরো ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি বলছি কী হয়েছে। আমি সলমনের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। তার আগে নওয়াজকে বলি, প্যাড পরতে। কারণ ও বাঁহাতি। সলমন সবে আউট হয়েছিল। ফলে এমনিতেই হতাশ ছিল। তাই জন্যই বোতলটা মাটিতে ছুড়ে ফেলেছে। তার সঙ্গে আমাদের কথাবার্তার কোনও সম্পর্ক নেই।’
নামিবিয়া ম্যাচে এক সময় পাকিস্তান পাঁচ উইকেট হারালেও নামানো হয়নি বাবর আজমকে। তার জন্য স্ট্রাইক রেট বা ভারত ম্যাচের ব্যর্থতা দায়ী নয় বলে জানিয়েছেন হেসন। তাঁর কথায়, ‘বাবর জানে যে দলে ওর ভূমিকা ঠিক কী। এটাও জানে যে পাওয়ার প্লে–তে ওর স্ট্রাইক রেট ১০০–রও কম। মাঝের দিকে দরকার পড়লে বাবর ভাল খেলে দিতে পারে। বিশেষ করে আমরা সমস্যায় পড়লে। আমেরিকার বিরুদ্ধে সেটা আমরা দেখেছিলাম। ও ধীরে ধীরে স্ট্রাইক রেট বাড়িয়েছে।’
হেসনের আরও সংযোজন, ‘আগের ম্যাচে ১২ তম ওভারের ওই পরিস্থিতি বাবরের জন্য আদর্শ ছিল না। আমাদের হাতে আরও ব্যাটার ছিল যারা সেই সময় বেশি ভাল খেলতে পারত। বাবর নিজেই সেটা স্বীকার করেছে।’
বাবর তবু খেলার সুযোগ পেয়েছিলেন। বাদ দেওয়া হয়েছিল শাহিন আফ্রিদিকে। সে প্রসঙ্গে হেসন বলেছেন, ‘খারাপ খেলার জন্য শাহিন বাদ পড়েছে এমন বলতে রাজি নই। সেদিন সলমন মির্জা খেলার ব্যাপারে এগিয়ে ছিল।’
