আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কে হতে পারেন সেরা খেলোয়াড়? নিজের মত প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। প্রাক্তন অজি অধিনায়কের ভবিষ্যদ্বাণী, ফাইনালে ম্যাচের সেরা হতে পারেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহ। 
বুমরাহকে সম্ভাব্য ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখছেন ক্লার্ক। 

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে বুমরাহর ওই অবিশ্বাস্য স্পেল না হলে আজ রবিবার আহমেদাবাদে ভারত ফাইনাল খেলত কিনা সন্দেহ। গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত বোলিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বুমরাহ। ভারত রানের পাহাড় গড়ার পরেও ইংল্যান্ড রান তাড়া করে গিয়েছিল। শেষমেশ ভারত ম্যাচ জেতে বুমরাহর ক্যারিশমায়। 

গোটা টুর্নামেন্ট জুড়ে ভাল খেলে গিয়েছেন বুমরাহ। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে ক্লার্ক বলেন, চাপের মুহূর্তে অসাধারণ বল করার বিরল ক্ষমতা রয়েছে বুমরাহর। সেমিফাইনালে বুমরাহ ১৬-তম ওভারে মাত্র আট রান দেন এবং ১৮-তম ওভারে দেন মাত্র ছয় রান। ওই দুই ওভারে মাত্র ১৪ রান ওঠে। এতেই ভারতের জয়ের পথ সুগম হয়। নইলে কঠিন হয়ে যেত ভারতের জেতা। 

অজি প্রাক্তনী আরও বলেন, বুমরাহর হাতে বৈচিত্র্য রয়েছে। তবুও আসল সময়ে সেগুলো নিখুঁতভাবে কাজে লাগানোর দক্ষতা ওকে অপ্রতিরোধ্য করেছে। 

এই গুণের জন্যই বুমরাহ ব্যতিক্রমী একজন। ফাইনালে বুমরাহ নিজেকে নিয়ে যাবেন অন্য এক উচ্চতায়। তিনি যদি ম্যাচের সেরাও হন, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এই ধরনের ম্যাচে বুমরাহর মতো ক্রিকেটাররা নিজেদের তুলে ধরেন। 

ক্লার্কের মতে, এবারের বিশ্বকাপে ভারতই সবচেয়ে শক্তিশালী দল হিসেবে খেলছে। তাঁর বক্তব্য, বুমরাহর পারফরম্যান্স নিয়ে হয়তো খুব বেশি আলোচনা হচ্ছে না, কারণ এখন সবাই তাঁর কাছ থেকে এমনই অসাধারণ পারফরম্যান্স প্রত্যাশা করেন। তিন ফরম্যাটেই বুমরাহ একজন প্রকৃত ম্যাচ উইনার। যিনি কঠিন পরিস্থিতিতে যেমন রান আটকে রাখতে পারেন, তেমনই গুরুত্বপূর্ণ মুহূর্তে  উইকেটও তুলে নিতে পারেন। চাপের মুহূর্তে তাঁর মতো নিখুঁত বোলিং বিশ্ব ক্রিকেটে খুব কমই দেখা যায়। সেই কারণেই বুমরাহ ভেরি ভেরি স্পেশাল।