আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের আগে বোমা ফাটালেন সুনীল গাভাসকর।‌ ভারত নয়, ইংল্যান্ডকে ফেভারিট বাছলেন কিংবদন্তি। টসের এক ঘন্টা আগে ভারতের ক্রিকেটপ্রেমীদের চমকে দেন সানি। সেমিফাইনালে ফেভারিট হিসেবে হ্যারি ব্রুকের দলকে বেছে নেন। কিন্তু কেন তার বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে প্রাক্তন ভারত অধিনায়কের এই মন্তব্য ফ্যানদের আশাহত করবে। শিশিরের সমস্যা হতে পারে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও। সেই নিয়ে চিন্তিত ভারতীয় শিবির। বোলিং কোচ মর্নি মরকেল বলেন, 'আমার মনে হয় শিশির বড় ফ্যাক্টর হতে পারে। তবে সেটা আমাদের হাতে নেই। আমার মনে হয় ওয়াংখেড়েতে বাড়তি বাউন্স থাকে। লাইন বরাবর খেলতে হবে।'

ওয়াংখেড়ে সাধারণত বোলারদের তুলনায় ব্যাটারদের সাহায্য করে। তবে পিচে ঘাস আছে। লাল মাটির পিচ। ঘাসের কারণে আর্দ্রতা থাকবে। উইকেট দ্রুত শুকিয়ে যাবে না। প্রথমে বোলাররা কিছুটা সাহায্য পেলেও, পরের দিকে পিচ ব্যাটিং উপযোগী হওয়ার কথা। বিশ্বকাপের শেষ দশ সংস্করণে এই নিয়ে ষষ্ঠ সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড। টানা চারবার। ২০১০ সালে প্রথমবার‌ টি-২০ বিশ্বকাপের শেষ চারে যায় ইংরেজরা। দুর্দান্ত ছন্দে আছেন যশপ্রীত বুমরা। বরুণ চক্রবর্তীও উইকেটের মধ্যে আছেন। তবে শেষ পাঁচ ওভারে বোলারদের উন্নতি প্রয়োজন। সূর্যকুমার ষষ্ঠ বোলার হিসেবে শিবম দুবেকে কীভাবে ব্যবহার করে সেটাই দেখার। কুলদীপ যাদবকে দলে নেওয়ার কথা উঠলেও, শেষপর্যন্ত ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি।