আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে ভরাডুবি হয়েছে টিম ইন্ডিয়ার। তারপরেই সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনা হয়েছে অক্ষর প্যাটেলকে বাদ দিয়ে তার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্তে।

শোচনীয় হারের পর ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকটে জানিয়েছেন, চূড়ান্ত একাদশ ঠিক করার আগে দলীয় ম্যানেজমেন্ট দীর্ঘ আলোচনা করেছিল।

দলের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ কৌশলগত ও দলীয় ভারসাম্যের ভিত্তিতে নেওয়া। যদিও দক্ষিণ আফ্রিকা ভারতকে ৭৬ রানে হারলে সেসব যুক্তি আর সমর্থকরা ভেবে দেখেননি।

এই হার শুধু চলতি আইসিসি টি‑টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় পরাজয়ই নয়, সাদা বলের ক্রিকেটে আইসিসি প্রতিযোগিতায় টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার ধারাও ভেঙে গেল।

এর আগে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হেরেছিল ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম রানের ব্যবধানে হার।

২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে ৮০ রানে হেরেছিল টিম ইন্ডিয়া, তারপর এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে টেন ডেসকটে জানান, ম্যাচের আগে প্রথম একাদশ নিয়ে কয়েক দিন ধরে গভীর আলোচনা চলেছে।

তিনি বলেন, ‘আমরা গত কয়েক দিন ধরে একাদশ নিয়ে প্রচুর সময় ব্যয় করেছি। শুরুটা যেমনটা চেয়েছিলাম, প্রথমেই কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনকে আউট করার পরিকল্পনা কাজে লাগলেও পরের দিকে তা আর কাজে লাগেনি।’

তিনি ব্যাখ্যা করেন, মিডল ওভারের ম্যাচ-আপ মাথায় রেখেই বোলিং কম্বিনেশন সাজানো হয়েছিল। ব্যাটিংয়ে গভীরতা আনতে রিঙ্কু সিংকে দলে রাখা হয়। বোলিংয়ে বৈচিত্র্য বাড়াতে সুযোগ পান ওয়াশিংটন সুন্দর।

এতে একজনকে বাদ দিতেই হত, আর সেই কারণেই অক্ষরকে বসতে হয়েছে বলে জানান তিনি। টেন ডেসকটে স্পষ্ট করেন, এই সিদ্ধান্ত অক্ষরের গুরুত্বকে কোনওভাবেই ছোট করার জন্য নয়।

তিনি বলেন, ‘অক্ষরের নেতৃত্ব ও দলের জন্য তাঁর অবদান নিয়ে কোনও প্রশ্ন নেই।’ দলের গভীরতা এখন নির্বাচকদের জন্য মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে বলেও স্বীকার করেন তিনি।

টেন্ডো জানান, ‘১৫ জন থেকে ১১ জন বাছাই করা প্রতি ম্যাচেই কঠিন হয়ে যাচ্ছে। আগামী দুটি সুপার এইট ম্যাচে সঠিক দল নামানো অত্যন্ত জরুরি।’

প্রশ্ন করা হয়, ওয়াশিংটন সুন্দর আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খুব একটা বেশি ম্যাচ খেলেননি। এই প্রসঙ্গে টেন ডেসকটে বলেন, আইপিএল খুব একটা প্রাসঙ্গিক নয়। ভারতীয় দলের হয়ে সুন্দর যা করেছেন, তার ভিত্তিতেই তাকে মূল্যায়ন করা হয়েছে।

জানা গেল, টিম ইন্ডিয়ার পরিকল্পনার বড় অংশ ছিল পাওয়ার প্লেতে সুন্দরের কার্যকারিতা। পরিকল্পনা ছিল তিনজন প্রথম সারির বোলার, সঙ্গে সুন্দর এবং পার্ট-টাইম অপশন দিয়ে পাঁচ নম্বর বোলারের অভাব পূরণ করা।

বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটার ডি কক, রিকেলটন ও ডেভিড মিলারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ম্যাচে সুন্দর পাওয়ার প্লেতে বলই করতে পারেননি, ফলে কৌশল ব্যর্থ হয়েছে বলে মনে হয়েছে।

টেন ডেসকটে বলেন, ‘পাওয়ার প্লেতে বল করার ক্ষমতার কারণেই আমরা তাঁকে বেছে নিয়েছিলাম। মিডল ওভারে বল করার ক্ষেত্রে হয়তো অক্ষরই বেশি উপযোগী হতেন। কিন্তু পরিকল্পনা ছিল অন্য।’

তিনি আরও জানান, অক্ষর খেললেও একই ভূমিকায় নামতেন, উইকেট পড়ে গেলে ইনিংস সামলানো এবং মিডল ওভারে পার্টনারশিপ তৈরি করা, যাতে পরে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে চালিয়ে খেলতে পারেন।