আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আবেগ আর আবেগ। স্নায়ু যার ম্য়াচও তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ আজ। প্রশ্ন একটাই, দুই দলের ক্রিকেটাররা কি হাত মেলাবেন? বল গড়ানোর আগেই মাথাচাড়া দিচ্ছে করমর্দন বিতর্ক।
ক্রিকেট মাঠে হ্যান্ডশেক করা বাধ্যতামূলক নয়। জেন্টলম্যান্স গেমে এটাই হয়ে এসেছে এতদিন। কিন্তু গতবারের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হলেও একবারও হ্যান্ডশেক করতে দেখা যায়নি ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি দেখা যাবে সেই দৃশ্য? ভারত-পাক ম্যাচের আগে কম বিতর্ক হয়নি। পাকিস্তান বলেছিল তারা বিশ্বকাপে আছে কিন্তু ভারত ম্যাচ বয়কট করবে।
কিন্তু হ্যান্ডশেক নিয়ে এত চর্চা, এত আলোচনার কী আছে? ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং বলেন, ''এটা ক্রিকেটারদের ইচ্ছার উপরে নির্ভরশীল। কোনও বইতে কি লেখা আছে ম্যাচের শেষে হাত মেলাতেই হবে?মাঠে নেমে নিজেদের উজাড় করে দিতে হবে।''
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের উদাহরণ টেনে ভারতের তারকা অফস্পিনার বলছেন, ''অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়রা ম্যাচের শেষে একসঙ্গে বসেন। ক্রিকেটকে ক্রিকেট হিসেবেই দেখা উচিত।''
আর কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরেই কলম্বোয় ভারত–পাক লড়াই। কিন্তু যাবতীয় কর্মযজ্ঞ পণ্ড করে দিতে পারে বৃষ্টি।
শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, রবিবার সারাদিন মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি হতে পারে সকাল থেকে রাত পর্যন্ত।
আবহবিদদের পূর্বাভাস হতাশ করতে পারে ক্রিকেটপ্রেমীদের। আবহবিদরা জানিয়েছেন, রবিবার কলম্বোয় ১৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাতাসের গড় গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩ কিলোমিটার। সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ২৪ কিলোমিটার। বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে।
