আজকাল ওয়েবডেস্ক: মুস্তাফিজুর রহমানকে নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সেই বিতর্কের ঢেউ এমন ভাবে আছড়ে পড়ে যে বাংলাদেশ শেষমেশ বিশ্বকাপ থেকেই ছিটকে যায়। সেই বাংলাদেশ-সহ আরও কয়েকটি দেশের অনুরোধেই আইসিসি-র মানরক্ষা হয়। জমে থাকা বিতর্কের বরফ গলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে বলে স্থির করে পাকিস্তান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশের কোনও শাস্তি বা জরিমানা হচ্ছে না। আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের উপরে নেমে আসবে শাস্তির খাঁড়া। কিন্তু আইসিসি জানিয়েছে, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি গ্লোবাল টুর্নামেন্টের আয়োজন করা হবে। আর সেই টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। আইসিসি-র বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। 
টি-টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে পাকিস্তান কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচে তারা নেই। পাকিস্তানের এই হুমকিতে নড়েচড়ে বসেছিল বিশ্বক্রিকেট। এ তো আইসিসি-র অর্থনীতির শিকড় ধরেই টান! দফায় দফায় মেল পাঠানো হয়, চলে আলোচনা, অবেশেষে আইসিসি-র সঙ্গে পিসিবি-র আলোচনার সময়ে উপস্থিত ছিল বিসিবি-ও। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ জানান তিনি। তার পরেই আইসিসি বাংলাদেশকে নিয়ে এসব সিদ্ধান্তের কথা জানায়। 

এদিকে আইসিসির তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পিসিবি ও বিসিবির সঙ্গে বৈঠক হয়। 

টি-টোয়েন্টি মহাযজ্ঞে বাংলাদেশ ক্রিকেট দলের না থাকা দুর্ভাগ্যজনক অনুপস্থিতি বলে উল্লেখ করে আইসিসি। 

বিসিবি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ না খেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে আর্থিক বা খেলা নিয়ে বা প্রশাসনিক জরিমানা বা শাস্তি আরোপ করা হচ্ছে না। 

এদিকে আইসিসি-র সঙ্গে বিসিবি ও পিসিবির আলোচনায় স্থির হয়, ২০৩১ সালের বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। ২০৩১ সালে ভারত-বাংলাদেশের একই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার কথা। 

এবারের বিশ্বকাপে না খেললেও বাংলাদেশের ক্ষতে প্রলেপ দিল আইসিসি।