আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালের ভেন্যু নিয়ে এখনও আলোচনায় আইসিসি। জানা যাচ্ছে, সেমিফাইনাল নিয়ে আইসিসি সবকটি দরজাই খোলা রাখছে।
সেক্ষেত্রে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলে ঘরের মাঠে খেলার সুযোগ পেতে পারে শ্রীলঙ্কা। তবে সেটা নির্ভর করছে তাদের যোগ্যতা অর্জন এবং প্রতিপক্ষের উপর।
আইসিসির সংশোধিত সূচি ও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, এক নির্দিষ্ট পরিস্থিতিতে শ্রীলঙ্কার সেমিফাইনাল ম্যাচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।
এক প্রতিবেদনে জানা গেছে, সুপার এইট থেকে সেমিফাইনালে উঠলে এবং প্রতিপক্ষ যদি ভারত বা পাকিস্তান না হয়, তাহলে শ্রীলঙ্কা ঘরের মাঠেই খেলবে।
আইসিসি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব প্রতিপক্ষকেই ভেন্যু ও পরিস্থিতি জানিয়ে দিয়েছে। আইসিসির তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রথম সেমিফাইনাল একটি ‘ফ্লোটিং’ ম্যাচ। এটি কলকাতা অথবা কলম্বো দুই জায়গার যেকোনও একটিতে হতে পারে। যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে, তবে তারা ৪ মার্চ কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল খেলবে।’
এছাড়াও জানানো হয়েছে, পাকিস্তান সেমিফাইনালে না উঠলেও যদি শ্রীলঙ্কা যোগ্যতা অর্জন করে এবং ভারতের বিরুদ্ধে না পড়ে, তাহলে সেই ম্যাচও কলম্বোতেই হবে।
তবে যদি পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়, তাহলে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতায় ইডেন গার্ডেন্সে এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচ মুম্বইতেই হওয়ার কথা। তবে যদি ভারতের প্রতিপক্ষ পাকিস্তান হয়, তাহলে সেই ম্যাচও কলম্বোতে সরিয়ে নেওয়া হবে।
তবে আরও একটি সম্ভাবনা রয়েছে। যদি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা কেউই সেমিফাইনালে না ওঠে, তাহলে সুপার এইটের প্রথম গ্রুপের শীর্ষে থাকা দল দ্বিতীয় গ্রুপের রানার্স আপের বিরুদ্ধে কলকাতায় খেলবে।
দ্বিতীয় গ্রুপের শীর্ষে থাকা দল প্রথম গ্রুপের রানার্স আপের বিরুদ্ধে মুম্বইয়ে মুখোমুখি হবে। উল্লেখযোগ্যভাবে, সুপার এইট পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কা একই গ্রুপে থাকায় সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
আইসিসির আগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তবে প্রথম সেমিফাইনাল কলকাতার পরিবর্তে কলম্বোতে অনুষ্ঠিত হবে।
এমনকী পাকিস্তান ফাইনালে উঠলেও ফাইনালের ভেন্যু আহমেদাবাদ থেকে কলম্বোতে সরিয়ে নেওয়া হতে পারে। ভারত–পাকিস্তান সেমিফাইনাল হলেও ম্যাচটি কলম্বোতেই আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
তবে আইসিসির নতুন বিজ্ঞপ্তি বা বর্তমানে টুর্নামেন্টের নিয়মাবলিতে স্পষ্টভাবে উল্লেখ নেই যে শ্রীলঙ্কা নিশ্চিতভাবেই ঘরের মাঠে সেমিফাইনাল খেলবে, সবকিছুই নির্ভর করছে যোগ্যতা ও প্রতিপক্ষের উপর।
