আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার পাল্লেকেলেতে ইংল্যান্ডের কাছে হারে সেমিফাইনাল অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের। হ্যারি ব্রুকের দুর্দান্ত শতরানে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছে ইংল্যান্ড। ৫ বল বাকি থাকতে জিতে যায় বাটলাররা। দুই ম্যাচে চার পয়েন্ট পেয়ে শেষ চারে চলে গিয়েছে ইংল্যান্ড। এদিকে দুই ম্যাচে ১ পয়েন্ট পাকিস্তানের। যার ফলে সেমিফাইনালের রাস্তা আরও কঠিন সলমন আঘাদের। সুপার এইটে মাত্র একটি ম্যাচ বাকি পাকিস্তানের। শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। তার আগের দিন ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড। 

সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ জিততেই হবে। জিতলে তিন পয়েন্ট হবে পাকিস্তানের। তবে সেটাও যথেষ্ট নয়। তাকিয়ে থাকতে হবে বাকি দলের রেজাল্টের দিকে। চারটে সম্ভাবনা রয়েছে। প্রথমত, ইংল্যান্ডকে হারাতে হবে নিউজিল্যান্ডকে। শ্রীলঙ্কার কাছেও হারতে হবে কিউয়িদের। সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট হবে তিন, শ্রীলঙ্কার দুই এবং নিউজিল্যান্ডের এক। দ্বিতীয়ত, যদি বাকি দুই ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড একটা জেতে এবং একটা হারে, পাকিস্তান এবং নিউজিল্যান্ড তিন পয়েন্টে শেষ করবে। সেক্ষেত্রে রানরেট বিচার করা হবে।

তৃতীয়ত, যদি পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হারে, তাহলে সরাসরি বিশ্বকাপ থেকে বিদায়। এছাড়াও আরও একটি সম্ভাবনা থাকছে। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে দু'পয়েন্টে শেষ করবে পাকিস্তান। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচও বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে, তাঁরাও দু'পয়েন্টে শেষ করবে। এরপর ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হেরে গেলে কিউয়িরাও দুই পয়েন্টে শেষ করবে। সেক্ষেত্রে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে যে দলের রানরেট সবচেয়ে ভাল, সেই দল শেষ চারে যাবে। অর্থাৎ, একাধিক পারমুটেশন কম্বিনেশনের ওপর নির্ভর করছে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য। 

প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। মঙ্গলবার পাল্লেকেলেতে হ্যারি ব্রুকের শতরানে পাকিস্তানকে ২ উইকেটে হারায় থ্রি লায়ন্সরা। ৫১ বলে ১০০ রান করেন ইংল্যান্ডের অধিনায়ক। অন্যদিকে ৪ উইকেট নিয়েও দলকে বাঁচাতে পারেননি শাহিন আফ্রিদি। বৃষ্টির জন্য নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে হারে সেমিফাইনালের রাস্তা আরও কঠিন হয়ে পাকিস্তানের। জয়ের পাশাপাশি নতুন রেকর্ড ইংল্যান্ডের। ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত টানা পাঁচবার টি-২০ বিশ্বকাপের শেষ চারে ব্রিটিশরা। বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি নিউজিল্যান্ড। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে পাকিস্তান।