আজকাল ওয়েবডেস্ক:‌ অঘটন ঘটিয়েছে জিম্বাবোয়ে। টি–২০ বিশ্বকাপে শুক্রবার হারিয়ে দিয়েছে ২০২৩ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।


সুপার এইটে যেতে পারবে অস্ট্রেলিয়া?‌ যদিও হারের পর অধিনায়ক ট্রাভিস হেড জানিয়েছেন, দু’বছর আগে ভারতে জেতা বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা নিতে চাইছেন তাঁরা।


ভারপ্রাপ্ত অধিনায়ক হেড বলেছেন, ‘‌বিশ্বকাপে সবাই ভাল দল। আগেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি। ড্রেসিংরুমে এমন অনেকে আছে যারা ২০২৩ বিশ্বকাপে ভারতে এসে খেলেছে এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ঠিকঠাক ফলাফলই হয়েছিল। আমরা আবার নতুন করে পরিকল্পনা তৈরি করব। দুটো ম্যাচ জিততে হবে। তার জন্য আত্মবিশ্বাস থাকার দরকার।’‌


হেডের মতে, জিম্বাবোয়ের বিরুদ্ধে শুরুতেই চারটি উইকেট হারিয়ে তাঁরা নিজেরাই নিজেদের চাপে ফেলে দিয়েছিলেন। পিচে কোনও সমস্যা ছিল না। হেডের কথায়, ‘‌আমরা নিজেদের চাপে ফেলে দিয়েছিলাম। গোটা ম্যাচেই দু’দল চোখে চোখ রেখে লড়াই করেছে। দ্বিতীয়ার্ধে বল পড়ে ভালভাবেই ব্যাটে এসেছে। তা–ও আমরা উইকেট হারিয়েছি। নিঃসন্দেহে প্রতিপক্ষ ভাল খেলেছে। যে রান ওরা তুলেছিল তা অনায়াসে তাড়া করা উচিত ছিল।’‌ 


এই মুহূর্তে অস্ট্রেলিয়া গ্রুপ বি–তে তিন নম্বরে রয়েছে। বাকি দুই ম্যাচে তারা যদি শ্রীলঙ্কা এবং ওমানকে হারাতে পারে, তাহলে প্রথম দুইয়ে শেষ করা নিয়ে কোনও সংশয় থাকবে না। তবে অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার কাছে হারে এবং জিম্বাবোয়ে বাকি দু’টি ম্যাচের একটিতে জেতে, তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন হেডরা। আর অস্ট্রেলিয়া এবং জিম্বাবোয়ে দুই দলই যদি হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে, তাহলে দু’জনেই সুপার এইটে যাবে। তাই এই গ্রুপের অঙ্ক এখন বেশ জটিল।