আজকাল ওয়েবডেস্ক: প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। মঙ্গলবার পাল্লেকেলেতে হ্যারি ব্রুকের শতরানে পাকিস্তানকে ২ উইকেটে হারায় থ্রি লায়ন্সরা। ৫১ বলে ১০০ রান করেন ইংল্যান্ডের অধিনায়ক। অন্যদিকে ৪ উইকেট নিয়েও দলকে বাঁচাতে পারেননি শাহিন আফ্রিদি। বৃষ্টির জন্য নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে হারে সেমিফাইনালের রাস্তা আরও কঠিন হল পাকিস্তানের। জয়ের পাশাপাশি নতুন রেকর্ড ইংল্যান্ডের। ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত টানা পাঁচবার টি-২০ বিশ্বকাপের শেষ চারে ব্রিটিশরা। মঙ্গলবার সাহিবজাদা ফারহানের ৬৩ রানে ভর করে নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেটে ১৬৪ রান তোলে পাকিস্তান। তিন উইকেট নেন লিয়াম ডসন। জবাবে ১৯.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সাহিবজাদা ফারহান ছাড়া বাকি ব্যাটাররা ব্যর্থ। ৪৫ বলে ৬৩ রান করেন পাকিস্তানের ওপেনার। বাবর আজম (২৫) এবং ফকর জামান (২৫) মাঝে গুরুত্বপূর্ণ রান যোগ করেন। বাকিরা কেউ রান পায়নি। ২০ ওভারের শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে পাকিস্তান। লিয়াম ডসন তিনটে উইকেট পান। জোড়া উইকেট জোফ্রা আর্চার এবং জেমি ওভারটনের। আদিল রশিদকে নিয়ে চিন্তিত ছিল পাকিস্তানের ব্যাটাররা। কিন্তু ইংল্যান্ডের স্পিনার এদিন পার্থক্য গড়তে পারেননি। রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। প্রথম বলেই আউট ফিল সল্ট (০)। মাত্র ২ রানে ফেরেন জস বাটলার। একা লড়াই করেন হ্যারি ব্রুক। অধিনায়কের মতো ইনিংস। অন্য প্রান্তে পরপর উইকেট পড়লেও, একাই দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান। ৪টি ছয় এবং ১০টি চারের সাহায্যে ১০০ রান করেন। শেষদিকে গুরুত্বপূর্ণ ২৮ রান যোগ করেন উইল জ্যাকস। ব্রুক আউট হওয়ার পরও ম্যাচে ফেরার সুযোগ ছিল পাকিস্তানের সামনে। কিন্তু শেষপর্যন্ত ৫ বল বাকি থাকতে জয়সূচক রানে পৌঁছে যায় ইংল্যান্ড।
