আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালের আগে সূর্যকুমার যাদবদের আগাম হুঁশিয়ারি ইংল্যান্ড অধিনায়কের। হ্যারি ব্রুক স্পষ্ট জানিয়ে দিলেন, চাপের মধ্যে ভাল খেলে তাঁর দল। টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাত্রা খুব একটা মসৃণ হয়নি থ্রি লায়ন্সদের। নেপাল, স্কটল্যান্ড এবং ইতালির বিরুদ্ধে নড়বড়ে জয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ইংল্যান্ড। কিন্তু সুপার এইটে অপরাজিত। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপের একনম্বর দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে। 

ভারতকে হারানোর বিষয়ে আশাবাদী ব্রুক। ইংল্যান্ডের অধিনায়ক মনে করছেন, স্নায়ু ধরে রেখে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতছে তাঁরা। এটাই তাঁদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। ব্রুক বলেন, 'আমরা কয়েকটা ক্লোজ ম্যাচ জিতেছি। এটা ভাল দলের পরিচয়। আমরা কখনোই ছন্দের বাইরে নেই। আমাদের প্লেয়ারদের চারিত্রিক দৃঢ়তা আছে। জয়ের খিদে আছে। চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রেখে জয় ছিনিয়ে আনার ক্ষমতা আছে।' সেমিফাইনালের আগে দলের এই শক্তিকে গুরুত্ব দিচ্ছেন ব্রুক। চলতি বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই জস বাটলার এবং ফিল সল্ট। কিন্তু সেই নিয়ে ভাবছেন না ইংল্যান্ডের অধিনায়ক। ব্রুক বলেন, 'আমার মনে হয় জস বাটলারকে একা ছেড়ে দেওয়া উচিত। ও এই ফরম্যাটের অন্যতম সেরা প্লেয়ার। যেকোনো সময় ফর্মে ফিরতে পারে। আমাদের প্রথম সাতে একাধিক শক্তিশালী ব্যাটার আছে। তাঁদের মধ্যে একজন ভাল খেললে, প্রতিপক্ষকে মাথা চুলকাতে হবে।' 

প্রথম বিশ্বকাপেই বাজিমাত উইল জ্যাকসের। ব্যাটে এবং বলে সমানভাবে সফল। একাধিক ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। ইংল্যান্ডের অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক। ব্রুক বলেন, 'এই পজিশনে খুবই সফল জ্যাকস। দারুণ চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে।' ঘরের মাঠে খেলবে ভারত। একশো শতাংশ সমর্থন থাকবে সূর্যদের দিকে। তাতে ঘাবড়াচ্ছেন না ইংল্যান্ডের নেতা। ব্রুক বলেন, 'জানি সমর্থকরা গলা ফাটাবে। বিরাট মঞ্চ। দুই দলই চাপে থাকবে।' ইংল্যান্ডকে যে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাবে না, সেটা জানিয়ে রাখলেন ব্রুক। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন ইংল্যান্ডের তরুণ অধিনায়ক। একার হাতে একটি ম্যাচ জেতান। শতরান করেন ব্রুক। টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে দিচ্ছেন ব্রুক, জ্যাকসরা। গুরুত্বপূর্ণ সেমিফাইনালে চাইবেন ওপেনিং জুটি ছন্দে ফিরুক। তবে সবকিছুর ঊর্ধ্বে টিমগেম। শেষ চারের লড়াইয়েও ছন্দ বজায় রাখতে চান ব্রুক।