আজকাল ওয়েবডেস্ক: অভিষেক শর্মা অসুস্থ। এখনও পুরোদস্তুর সুস্থ হয়ে তিনি ওঠেননি বলেই মনে হয়। কলম্বোয় ভারত-পাক ম্যাচেও তিনি খেলবেন কিনা জানা নেই। এর মধ্যেই ওয়াঘার ওপার থেকে অসুস্থ অভিষেককে অসম্মান করা হল। 

পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির ক্রিকেটবিশ্বকে থমকে দিয়ে একপ্রকার অসম্মান-অপমান করে বসলেন ভারতের তারকা ওপেনারকে। 

পাক চ্যানেলে আলোচনার সময়ে আমির বলেন, ''অভিষেক শর্মাকে আমি যেটুকু  দেখেছি, তার ভিত্তিতে বলছি ও স্লগার ছাড়া কিছু নয়। প্রতিটি  জোরালো শট খেলতে চায়। যেদিন চলতে শুরু করবে, সেদিন সব ঠিক। যেদিন চলবে না, সেদিন ব্যর্থ হবে। অভিষেকের ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। প্রতি আট ইনিংস বাদে রান পায় অভিষেক। টেকনিক্যালিও যে খুব সাউন্ড তা বলব না।'' 

ভারত-পাক ম্যাচের আগে 'হারনা মানা হ্যায়' শো অনুষ্ঠিত হয় পাক টিভিতে। সেখানেই আমির আক্রমণ করে বসেন অভিষেক শর্মাকে। 

আমির যদি জাতীয় দলের হয়ে খেলতেন, তাহলে কীভাবে থামাতেন অভিষেককে? পাকিস্তানের প্রাক্তন বাঁ হাতি পেসার বলছেন, সুইং করা ডেলিভারি সামলাতে পারলে অভিষেক বড় ব্যাটসম্যান হয়ে উঠবেন। 

প্রাক্তন পাক পেসার বলছেন, ''ও ক্রিজে দাঁড়িয়ে চায় প্রতিটি বল নির্দিষ্ট জায়গায় পড়ুক। আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মারবে। যেদিন ও চলতে থাকবে, সেদিন বড় রান পাবে। অন্য দলগুলোকে স্রেফ দাঁড়াতে দেবে না। কিন্তু ওর খেলা খুবই ঝুঁকিপূর্ণ। ওকে আমি তখনই সত্যিকারের ব্যাটার বলে মনে করব যখন সুইং করা ডেলিভারি সামলাতে পারবে।  এবং একই গতিতে বল মারবে।'' 

বিশ্বের একনম্বর টি-টোয়েন্টি ব্যাটার সম্পর্কে আমিরের এহেন মন্তব্য শোনার  পরে অনেকেই বিরক্ত হয়েছেন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মা কেবল একটি ম্যাচই খেলেছেন এখনও পর্যন্ত। আমেরিকার বিরুদ্ধে সেই ম্যাচে অভিষেক শর্মা জ্বলে উঠতে পারেননি।