আজকাল ওয়েবডেস্ক: ৪৮ ঘন্টাও বাকি নেই। রবিবার রাতে ভারত-পাকিস্তান মহারণ। টি-২০ বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে গত দু'সপ্তাহ ধরে নাটক চলছে। একটা সময় পর্যন্ত ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে সেটা কেটেছে। গ্রুপের প্রথম দুটো ম্যাচ জিতে একই জায়গায় রয়েছে ভারত এবং পাকিস্তান। যদিও নেট রানরেটে এগিয়ে ভারত। রবিবার যে দল জিতবে, তাঁরাই গ্রুপে একনম্বর স্থান অধিকার করে সুপার এইটে যাবে। সুতরাং, হাড্ডাহাড্ডি লড়াই হবে। খাতায়-কলমে ভারত এগিয়ে থাকলেও, জমি ছাড়বে না পাকিস্তান। পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে খেলার সবুজ সংকেত দেওয়ার পর থেকেই অধির আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেটভক্তরা। কিন্তু তাঁদের আশায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি। 

কলম্বোর আবহাওয়া পূর্বাভাস হতাশ করবে ক্রিকেটপ্রেমীদের। ১৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের আশেপাশে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার প্রভাব পড়তে পারে রবিবার। কলম্বোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯৩ শতাংশ। আবার হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে আশার আলো একটাই। চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত বৃষ্টির জন্য কোনও ম্যাচ পরিত্যক্ত হয়নি। বর্তমানে গ্রুপ এ-র শীর্ষস্থানে ভারত। নেট‌ রানরেটে পাকিস্তানের থেকে এগিয়ে। নামিবিয়ার বিরুদ্ধে বড় জয়ের পর কলম্বো পৌঁছেছে টিম ইন্ডিয়া। পাকিস্তান ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, সুস্থ হয়ে কি মাঠে ফিরতে পারবেন অভিষেক শর্মা?

বৃহস্পতিবার বরুণ চক্রবর্তী অভিষেকের খেলার ইঙ্গিত দেন। বলেন, 'আমি ওর সঙ্গে কথা বলেছি, আগের থেকে ভাল আছে। হালকা প্র্যাকটিসও করেছে।' বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুরোপুরি সুস্থ হননি অভিষেক। নামিবিয়া ম্যাচে টসের পর সূর্যকুমার যাদব জানান, পুরো ফিট হয়ে মাঠে ফিরতে অভিষেকের একটা বা দুটো ম্যাচ মিস হবে। সেক্ষেত্রে পাকিস্তান ম্যাচ খেলার সুযোগ পাবেন সঞ্জু স্যামসন। তবে শনিবার এই বিষয়ে চূড়ান্ত জানা যাবে। অভিষেকের জন্য শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।