আজকাল ওয়েবডেস্ক: ওয়াংখেড়েতে আজ মহারণ। প্রশ্ন উঠছে ভারতের ওপেনার অভিশেক শর্মাকে কি খেলানো হবে সেমিফাইনালে?
অভিষেক তাঁর ফর্মের ধারাকাছে নেই। চলতি বিশ্বকাপে তিনটি শূন্য করেছেন। সর্বোচ্চ বলতে, জিম্বাবোয়ের বিরুদ্ধে কেবল ৫৫ রান। ছ'টি ইনিংসে অভিষেকের রান ৮০। এর পরেও কি তিনি ডাগ আউটে বসবেন না?
ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিকের অগাধ আস্থা অভিষেকের উপরে। তিনি বলেছেন, ''বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে, যে ক্রিকেটাররা রয়েছে তাদের উপরেই আস্থা রাখা উচিত। আমার মনে হয় ওরা অভিষেক, সঞ্জু ও ঈশান কিষানের উপরেই আস্থা রাখবে। আসল দিনে ওদের সফল হওয়ার সুযোগ দিতে হবে।''
আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রান করেছিলেন ভারতের তারকা ওপেনার। পেটের সমস্যার জন্য নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামেননি অভিষেক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৫ রানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ রান করেন ভারতের বাঁ হাতি ওপেনার।
গ্রুপ এ-তে ভারত শীর্ষ স্থান পেয়েছিল। সুপার এইটের শুরুটা মোটেও ভাল করেনি ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।
সেমিফাইনালে জয় ভারতকে পৌঁছে দেবে ফাইনালে। ইতিমধ্যেই আহমেদাবাদে ফাইনাল খেলার ছাড়পত্র জোগাড় করে ফেলেছে নিউজিল্যান্ড। তাদের প্রতিপক্ষ কোন দল, তা জানা যাবে আজ রাতে।
২০০৭ ও ২০২৪ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৬ ও ২০২২ সালে সেমিফাইনালে ভারত হেরে যায়। ওয়াংখেড়েতেই অভিষেক শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৪ বলে বিধ্বংসী ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন। ভারতে সেই ম্যাচে ২৪৭ রানের পাহাড় গড়েছিল। ভারতের রান তাড়া করতে নেমে ইংল্যান্ড থেমে গিয়েছিল ৯৭ রানে। ভারত দেড়শো রানে সেই ম্যাচ জিতেছিল। গত বছরের সেই ম্যাচের পরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। ইংল্যান্ড এবারের বিশ্বকাপে রীতিমতো নজর কেড়ে শেষ চারের টিকিট জোগাড় করে নিয়েছে। আজ সবার নজরে ওয়াংখেড়ে। পয়মন্ত মাঠে অভিষেক কি আবার বিধ্বংসী ইনিংস খেলবেন? সমালোচকদের মুখ বন্ধ করার এর থেকে ভাল সুযোগ আর পাবেন না ভারতের তারকা ওপেনার।
