আজকাল ওয়েবডেস্ক: ভাগ্য সহায় পাকিস্তানের। বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন সলমন আঘারা। সেই সুযোগ করে দিল ইংল্যান্ড। অর্থাৎ, অঙ্ক অনুযায়ী শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেই শেষ চারের রাস্তা খুলে যাবে পাকিস্তানের সামনে। শুক্রবার কলম্বোয় ৩ বল বাকি থাকতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জেতে ইংল্যান্ড। তিন ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে হ্যারি ব্রুকরা। এদিকে সমসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট কিউয়িদের। পাকিস্তান শ্রীলঙ্কাকে হারালে তাঁদেরও পয়েন্ট ৩ হবে। সেক্ষেত্রে রানরেটের বিচারে সংশ্লিষ্ট গ্রুপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে। পাকিস্তান হেরে গেলে শেষ চারে চলে যাবে নিউজিল্যান্ড।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়। সর্বোচ্চ রান গ্লেন ফিলিপসের। ৩৯ রান করেন। এছাড়া দুই ওপেনার টিম সেইফার্ট (৩৫) এবং ফিন অ্যালেন (২৯) রান পান। বাকিরা ডাহা ব্যর্থ। নির্ধারিত ওভারের শেষে ৭ উইকেটে ১৫৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। জোড়া উইকেট নেন আদিল রশিদ, উইল জ্যাকস এবং রেহান আহমেদ। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ফের ব্যর্থ দুই ওপেনার ফিল সল্ট (২) এবং জস বাটলার (০)। মাত্র ২ রানে জোড়া উইকেট হারায়। ২৬ করেন হ্যারি ব্রুক। কিন্তু দলকে বৈতরণী পার করান উইল জ্যাকস। ১৮ বলে ৩২ রান করে ইংল্যান্ডকে জিতিয়ে দেন। ৩২ করেন টম ব্যান্টন। ৩ বল বাকি থাকতে জিতে যায় ব্রিটিশরা।
ম্যাচের শুরুতে কলম্বোয় জাতীয় সঙ্গীত ব্লান্ডার। নিউজিল্যান্ডের প্লেয়াররা হেসে লুটোপুটি খায়। কলম্বোয় ইংল্যান্ড-নিউজিল্যান্ড গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটি অদ্ভুত ঘটনার সাক্ষী থাকে বিশ্বক্রিকেট। হাই-প্রেসার ম্যাচের আগে নিউজিল্যান্ডের জাতীয় সঙ্গীত ফাস্ট ফরোয়ার্ড অবস্থায় বাজে। অপ্রত্যাশিত এই ঘটনায় হাসি চেপে রাখতে পারেনি কিউয়ি ক্রিকেটাররা। হেসে লুটোপুটি খান। প্রেমদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের জন্য মরণ-বাঁচন ম্যাচ। কিন্তু তার আগে কিছুটা ফুরফুরে মেজাজ কিউয়ি শিবিরে। যা কিছুক্ষণের জন্য হলেও চাপমুক্ত করে ব্ল্যাক ক্যাপসদের।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দলে কোনও বদল ছিল না। অন্যদিকে ইংল্যান্ড দলে একটি পরিবর্তন হয়। জেমি ওভার্টনের বদলে সুযোগ পান রেহান আহমেদ। টসের পর প্রথমে ব্যাট করার কারণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক। মিচেল স্যান্টনার বলেন, 'আমরা প্রথমে ব্যাট করব। বিশ্বকাপ জিততে হলে, ম্যাচ জিততে হবে।' হ্যারি ব্রুক জানান, টসে জিতলে তাঁরাও প্রথমে ব্যাট করতেন। ব্রুক বলেন, 'আমরাও টসে জিতলে আগে ব্যাট করতাম। আগের দিনের ম্যাচ দেখেছি। এই উইকেটে স্পিন আছে।' এই ম্যাচের আগেই সেমিফাইনালে পৌঁছে যায় ইংল্যান্ড। নিউজিল্যান্ডের জন্য ছিল মরণ-বাঁচন ম্যাচ।
