আজকাল ওয়েবডেস্ক: রবিবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ। ফেভারিট কে? কার্যত কোয়ার্টার ফাইনালের কোনও পছন্দের দল বাছলেন না সৌরভ গাঙ্গুলি। ভারত-পাকিস্তান ম্যাচের আগে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, জিতবে ভারত। কিন্তু এদিন ফেভারিট বাছতে চাননি প্রাক্তন অধিনায়ক। ১০ বছর আগে ইডেনেই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে ক্রিকেটের নন্দনকাননে দুটো ম্যাচ খেলে ফেলেছে ক্যারিবিয়ানরা।‌ পিচ এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে সাই হোপরা‌।‌ কিন্তু কোনও দলকেই এগিয়ে রাখছেন না বোর্ডের প্রাক্তন সভাপতি। সৌরভ বলেন, 'ভাল ম্যাচ হবে। মাঠ ভাল। পরিকাঠামো এবং পরিবেশ ভাল। আগে কী হয়েছে ভেবে লাভ নেই। ২০১৬ সালে শেষবার ওরা জিতেছে। দুটো দলই শক্তিশালী। যেকোনও দলই জিততে পারে।' 

ইডেনের পিচ কী চরিত্র নেবে? বোলাররা সাহায্য পাবে? নাকি স্পোর্টিং উইকেট হবে? সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন, হাই-স্কোরিং ম্যাচ হবে। দুই দলের ব্যাটার এবং বোলারদের ভাল খেলতে হবে। সৌরভ বলেন, 'রবিবার হাই-স্কোরিং ম্যাচ হবে। ব্যাটিং এবং বোলিং, দুটো বিভাগেই ভাল করতে হবে। দুই দলকেই ভাল ব্যাট করতে হবে।' সাধারণত ইডেনে পরের দিকে শিশির প্রভাব ফেলে। কিন্তু সিএবি সভাপতির দাবি, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শিশির প্রভাব ফেলবে না। শিশির সামলানোর প্রক্রিয়া আছে। 

রবিবার ইডেনে কার্যত কোয়ার্টার ফাইনাল। কিন্তু এই ম্যাচকে আলাদা করে দেখতে চান না দেশের অন্যতম সেরা অধিনায়ক। সৌরভ বলেন, 'বিশ্বকাপের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। চেন্নাই ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচও। বিশ্বকাপে এমনই হয়।' সৌরভ মনে করছেন ভারতীয় দলে বিশেষ কোনও বদল হবে না। বাঁ হাতি -ডান হাতি কম্বিনেশন ধরে রাখবেন গৌতম গম্ভীর। ঈশান কিষাণ এবং অভিষেক শর্মাকে ম্যাচ উইনার বাছেন সৌরভ। এদিন ভারতের প্র্যাকটিসের সময় মাঠে ছিলেন সৌরভ। গম্ভীরের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। বিভিন্ন প্লেয়ারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়। বিশেষ কোনও পরামর্শ দিলেন? সৌরভ বলেন, 'আমি প্রিটোরিয়ার ক্যাপিটালসকে টিপস দিই।‌ ভারতীয় দলকে কোনও পরামর্শ দিই না।' প্রথম রঞ্জি জিতেছে জম্মু কাশ্মীর। তাঁদের অভিনন্দন জানান সৌরভ। পাশাপাশি প্রশংসা করেন আকিব নবির। সৌরভ বলেন, 'অসাধারণ কৃতিত্ব জম্মু কাশ্মীরের। আকিব নবি অনবদ্য। ওকে তৈরি করা উচিত।' রবিবার আরও একটি স্বপ্নের ম্যাচ উপহার দেওয়ার জন্য তৈরি ইডেন।