আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া। আর তার জন্য বেজায় সমস্যায় পড়তে পারে তারা। অলিম্পিকের মতো মেগা ইভেন্টে সরাসরি খেলার সুযোগ নাও পেতে পারে অস্ট্রেলিয়া। অন্তত পরিস্থিতি সেই দিকেই গড়াচ্ছে।
এটা ঘটনা, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি–২০ ফরম্যাটে ক্রিকেট আয়োজিত হবে। সব মিলিয়ে মোট ৬টি দেশ অলিম্পিক ক্রিকেটের মূলপর্বে সুযোগ পাবে। সেক্ষেত্রে প্রতিটি মহাদেশ থেকে একটি করে দল। এবং বাছাই পর্বের মাধ্যমে একটি দল বেছে নেওয়া হতে পারে। দল বাছাইয়ের এই পর্ব চূড়ান্ত নয়। তবে আইসিসি এবং আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা মোটামুটি ঠিক করে ফেলেছে, এক মহাদেশ থেকে একটি দলই সুযোগ পাবে। সেটা বাছাই করা হবে আইসিসি ক্রমতালিকার ভিত্তিতে।
টি–২০ বিশ্বকাপের শুরুতে যা পরিস্থিতি ছিল তাতে এশিয়া থেকে ভারত, আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা, ওশিয়ানিয়া থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে গ্রেট ব্রিটেন দলের অর্থাৎ ইংল্যান্ডের সুযোগ পাওয়ার কথা। এছাড়াও আমেরিকারও সরাসরি সুযোগ পাওয়ার কথা। কিন্তু টি–২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়ায় সেই সম্ভাবনা জোরালো ধাক্কা খেয়েছে। যা পরিস্থিতি তাতে নিউজিল্যান্ড যদি বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে যায়, তাহলে আইসিসি টি–২০ ক্রমতালিকায় অস্ট্রেলিয়াকে টপকে যাবে কিউয়িরা। সেক্ষেত্রে ওশিয়ানিয়া থেকে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেতে পারে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে বাছাই পর্বের বহু ম্যাচ খেলতে হবে।
প্রসঙ্গত, ১৯৯০ সালে শেষবার অলিম্পিকে ক্রিকেট আয়োজিত হয়েছিল। তারপর থেকেই অস্ট্রেলিয়া গ্রেটেস্ট শো অন আর্থে ক্রিকেট অন্তর্ভুক্তির জোরালো সমর্থক। ২০২৮ সালে অলিম্পিকে যে ক্রিকেট ফিরছে, সেটার পিছনে অন্যতম কৃতিত্বের দাবিদারও এই অজিরাই। তারাই যদি সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ না পায়, সেটা চূড়ান্ত লজ্জার হবে।
