আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তান ম্যাচে অনিশ্চিত অভিষেক শর্মা। যদিও দলের সঙ্গেই কলম্বো গিয়েছেন টিম ইন্ডিয়ার টি–২০ দলের ওপেনার। জানা গিয়েছে, শ্রীলঙ্কায় গিয়েছেন অভিষেকের মা–বাবাও।


আমেরিকা ম্যাচের আগে থেকেই পেটের সংক্রমণে ভুগছেন অভিষেক। পরীক্ষার জন্য দিল্লিতে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তরুণ ওপেনারকে। সেখানে ভর্তি ছিলেন। গত বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও নামিবিয়া ম্যাচ খেলেননি। তবে নামিবিয়া ম্যাচের পর সতীর্থ অর্শদীপ সিংকে অভিষেক নিজেই জানিয়েছিলেন, শুধু ডাল–ভাত খাচ্ছেন। শরীর আগের চেয়ে ভাল হলেও দুই কেজি ওজন কমে গিয়েছে। ভারতীয় দল সূত্রেও খবর, এখনও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই অভিষেক। রবিবার সকাল পর্যন্ত দেখে অভিষেককে নিয়ে সিদ্ধান্ত নেবেন গৌতম গম্ভীররা।


এটা ঘটনা, অভিষেককে নিয়ে উদ্বেগ রয়েছে ভারতীয় শিবিরে। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন তাঁর ব্যক্তিগত ট্রেনার। অসুস্থ ছেলের পাশে থাকতে কলম্বোয় গিয়েছেন অভিষেকের মা–বাবাও। মূলত ছেলের দেখভালের জন্যই তাঁরা গিয়েছেন। দিল্লিতেও তাঁরা ছেলের পাশে ছিলেন।


শুক্রবার দলের সঙ্গে অভিষেক কলম্বোয় গেলেও গম্ভীররা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। তাড়াহুড়ো করে পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে নামিয়ে দেওয়ার ভাবনা নেই ভারতীয় শিবিরে। চিকিৎসকদের পরামর্শ মতো চলতে চাইছেন গম্ভীররা। নামিবিয়া ম্যাচের আগেই যেমন অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, হয়ত আরও দু’‌একটা ম্যাচ খেলতে পারবে না অভিষেক। হয়ত সুপার এইট পর্ব থেকেই খেলানো হবে অভিষেককে। সেক্ষেত্রে পাকিস্তান ম্যাচেও ঈশান কিষানের সঙ্গে ওপেনে যাবেন সঞ্জু স্যামসন। 

তবে তিনি খেলবেন কিনা তা নিশ্চিত না হলেও পাক ম্যাচের আগে ভক্তদের বার্তা দিয়েছেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌এই দুঃসময়ে যে সমর্থন আমি পেয়েছি তা এককথায় দুর্দান্ত। আপনাদের প্রত্যেকের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।’‌