আজকাল ওয়েবডেস্ক: 'পাকিস্তান বিশ্বকাপের ফাইনালে খেলবে'। শুনে অবাক হচ্ছেন? এমনই দাবি করেন পাকিস্তানের বিশ্বকাপ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তিনি আর কেউ নয়, বিতর্কিত শাদাব খান। কয়েকদিন আগেই আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ান। তাঁকে একহাত নেন শাহিদ আফ্রিদি। মাঝে ২-৩ দিন যেতে না যেতেই আবার বিতর্কিত মন্তব্য পাকিস্তানের অলরাউন্ডারের। আত্মবিশ্বাসের সঙ্গে একজন ফ্যানকে বলেন, পাকিস্তান বিশ্বকাপের ফাইনাল খেলবে। বর্তমানে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মঙ্গলবার পাল্লেকেলে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। তার আগে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এই ভিডিও। 

শাদাবকে একজন ফ্যান প্রশ্ন করেন, 'তোমরা সেমিফাইনাল পর্যন্ত আছো?' তার উত্তরে পাকিস্তানের অলরাউন্ডার বলেন, 'ফাইনাল পর্যন্ত'। পাল্লেকেলের পিচ মন্থর বোলারদের সাহায্য করবে। দুই দলই স্পিনারদের ওপর নির্ভর করবে। ইংল্যান্ড পুরোপুরি ছন্দে না থাকলেও শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়ে সুপার এইট পর্ব শুরু করে। নেট রান রেটে এগোনোর পাশাপাশি গ্রুপের একনম্বর স্থান দখল করে নিয়েছে। অল্প রানের টার্গেট সেট করা সত্ত্বেও দলের স্পিনারদের সাহায্যে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। 

অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের সুপার এইটের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভন্ডুল হয়ে যায়। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। মঙ্গলবার স্পিনের ওপর নির্ভরশীল পাকিস্তান। বিশেষ করে উসমান তারিকের। এছাড়াও আছেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, শাদাব খান এবং মহম্মদ নওয়াজ। তবে ব্যাটিংয়ে ধারাবাহিকতায় অভাব চিন্তায় রাখবে বাবর আজমদের। ছন্দে আছেন সাহিবজাদা ফারহান। চার ম্যাচে তাঁর রান ২২০। কিন্তু রান পাচ্ছেন না সাইম আইয়ুব এবং সলমন আঘা। ইংল্যান্ডকে হারাতে হলে ব্যাটারদের জ্বলে উঠতে হবে। শাদাব খানের ভবিষ্যদ্বাণী কতটা খাঁটি দেখার অপেক্ষায় থাকবে ভক্তরা।