আজকাল ওয়েবডেস্ক: সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছে। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে মাটি ধরিয়ে ভারত পৌঁছে গিয়েছে শেষ চারে। প্লেয়ার অফ দ্য ম্যাচের স্বীকৃতি পেয়েছেন সঞ্জু।
সঞ্জুকে প্রশংসা করার পাশাপাশি ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর কিন্তু আরও একজনের প্রশংসা করেছেন। তাঁর অবদান সঞ্জুর থেকেও কম কিছু নয়। ১৯-তম ওভারে শিবম দুবে দুটো বাউন্ডারি হাঁকান। ওই দুটো বাউন্ডারি সঞ্জু স্যামসনের উপর থেকে চাপ কমিয়ে দেয়। হার্দিক পাণ্ডিয়া আউট হওয়ার পরে ১০ বলে ভারতের দরকার ছিল ১৭ রান। দুবে নেমেই দু'বলে দুটো বাউন্ডারি মারেন। আর ওই আট রানে ভারত আবার জয়ের গন্ধ পেতে শুরু করে দেয়। গম্ভীর প্রশংসা করেন দুবের ওই আগ্রাসী ব্যাটিংয়ের। গম্ভীর বলেছেন, দলের সাফল্যের জন্য প্রতিটি ক্রিকেটারের অবদানই গুরুত্বপূর্ণ। গম্ভীর সাংবাদিক বৈঠকে বলেছেন, ''আমার মনে হয় শিবমের ওই দুটি বাউন্ডারি সঞ্জুর অপরাজিত ৯৭ রানের মতোই গুরুত্বপূর্ণ ছিল। ক্রিকেট দলীয় খেলা এবং তা সর্বদা দলীয় খেলা হিসেবেই থাকবে। এই দু'টি বাউন্ডারি সঞ্জুর ইনিংসের মতোই গুরুত্বপূর্ণ। আমরা ফলাফল না পেলে, সঞ্জুর কথা বলতাম না।''
গৌতম গম্ভীর আরও বলেন, ''সঞ্জু স্যামসন স্পেশ্যাল ইনিংস খেলেছে। কিন্তু সামান্য ছোট ছোট অবদান ম্যাচ জেতাতে সাহায্য করে। বড় অবদানগুলো হেডলাইন হয়। ছোট ছোট অবদানগুলো, দলকে রেখা অতিক্রম করতে সাহায্য করে। আমি যতদিন এখানে থাকব, ততদিন এই দর্শন মেনে চলব।''
চলতি বিশ্বকাপে সঞ্জু স্যামসন কখনও প্রথম একাদশে ঢুকেছেন আবার কখনও প্রথম একাদশ থেকে বেরিয়ে গিয়েছেন। নিজের পজিশন স্থির ছিল না। সেই তিনিই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত এক ইনিংস খেলেন। গম্ভীর বলেন, ''সঞ্জু স্যামসন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। যখন প্রয়োজন, সেই সময়ে সঞ্জু স্যামসন জ্বলে উঠেছে।''
সঞ্জুর দিকে ধেয়ে এসেছে সমালোচনা। কটাক্ষ করা হয়েছে তাঁকে। তিনি কোনও জবাব দেননি। শান্ত, স্থির থেকেছেন সঞ্জু। আসল সময়ে জ্বলে উঠেছেন তিনি। কথা বলেছে তাঁর ব্যাট।
