আজকাল ওয়েবডেস্ক: বুধবার কলম্বোয় ৬১ রানের জয়ে শ্রীলঙ্কাকে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে নিউজিল্যান্ড। যার ফলে সেমিফাইনালের দৌড়ে ঢুকে পড়েছে পাকিস্তান। প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। সুপার এইটে গ্রুপ টু তে দ্বিতীয় স্থানের জন্য লড়াই নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে। শেষ দুটো ম্যাচের ওপর নির্ভর করছে যাবতীয় অঙ্ক। ১৬৯ রান তাড়া করতে নেমে টিকে থাকতে বড় জয় প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। কিন্তু ৮ উইকেট হারিয়ে ১০৮ রানে শেষ করে। এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা পঞ্চমবার‌ সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ লঙ্কা। 

এই জয় নিউজিল্যান্ডের নেট রানরেট বাড়িয়ে দিয়েছে। কিউয়িদের রানরেট +৩.০৫০। ইংল্যান্ডের পরে দ্বিতীয় দল হিসেবে শেষ চারের যোগ্যতা অর্জনের দৌড়ে এগিয়ে নিউজিল্যান্ড। পাকিস্তানের ভাগ্য নির্ভর করবে শুক্রবার ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের রেজাল্টের ওপর। কিউয়িরা ইংল্যান্ডকে হারিয়ে দিলে, নিউজিল্যান্ড পাঁচ পয়েন্টে শেষ করবে এবং সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। এর ফলে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা ম্যাচের আর কোনও মূল্য থাকবে না। একমাত্র ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তবেই ভেসে থাকবে পাকিস্তান। সেক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে শেষ করবে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের পয়েন্ট হবে তিন। সেক্ষেত্রে ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান জিতলে, তাঁদেরও তিন পয়েন্ট হবে। নেট রানরেটের ওপর নির্ভর করবে। 

ইংল্যান্ড ৫০ রানে নিউজিল্যান্ডকে হারালে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ রানে জিততে হবে পাকিস্তানকে। যদি সলমন আঘারা প্রথমে ব্যাট করে। পাকিস্তান রান তাড়া করলে, পরিস্থিতি একটু কঠিন হবে। তাঁদের ১৭.৫ ওভারের মধ্যে জিততে হবে। তারমধ্যে জয়সূচক রানে পৌঁছতে না পারলে, সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা আগেই ছিটকে যাওয়ায়, শেষ ম্যাচে নির্ধারিত হতে পারে গ্রুপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় ছাড়া কোনও উপায় নেই। তারপর ইংল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে।