আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিদায়ের পর সমালোচনার তীরে বিদ্ধ মিচেল মার্শরা। কটাক্ষ প্রাক্তনীদের। এবার এই তালিকায় নাম জু্ড়ল গ্লেন ম্যাকগ্রার। স্টিভ স্মিথকে বাদ দিয়ে ক্যামেরুন গ্রিনকে নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। অলরাউন্ডার হিসেবে সুযোগ পান গ্রিন। ৩ ম্যাচে মাত্র ২৪ রান করেন। প্রথম ম্যাচে ২১ রান করেন। কিন্তু পরের দুটো বড় ম্যাচে ০ এবং ৩ রান। আরও আশ্চর্যের বিষয় হল, গোটা টুর্নামেন্টে মাত্র সাত বল করেন। যার ফলে দলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
ম্যাকগ্রা বলেন, 'ও বল না করলেও নির্বাচকরা বলছে, স্টিভ স্মিথের থেকে ও ভাল প্লেয়ার। কিন্তু ও বল না করলে, দলে কীভাবে জায়গা করে নেয়, সেটাই প্রশ্ন।' বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও, জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার কাছে হারে। জোড়া হারে বিশ্বকাপ থেকে অকালেই বিদায় নেয়। দলের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ম্যাকগ্রা। তাঁর মতে, এই সমস্যা সাময়িক নয়। ক্রমাগত অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে পতন হচ্ছে। ম্যাকগ্রা বলেন, 'বিশ্বকাপের শুরুতেই আমরা বলেছিলাম, অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে চিন্তিত। হঠাৎ করেই অস্ট্রেলিয়া দলের দাপট কমে গিয়েছে। তবে দুর্ভাগ্যবশত আমি অবাক হচ্ছি না।'
অস্ট্রেলিয়ার ব্যর্থতা নিয়ে সরব হন জেসন গিলেসপিও। কুপার কোন্নোলির লাগাতার সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। গিলেসপি বলেন, 'কুপার কোন্নোলি এবং ক্যামেরুন গ্রিনের ওপর যে আস্থা দেখানো হয়েছিল, ওরা সেটা পূরণ করতে পারেনি।' বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ওমানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ। মর্যাদার ম্যাচ অজিদের। জোড়া হারের পর জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চাইবেন মার্শরা।
