আজকাল ওয়েবডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয়ে সেমিফাইনালের দৌড়ে ভেসে রয়েছে ভারত। রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামব টিম ইন্ডিয়া। কার্যত কোয়ার্টার ফাইনাল। জয়ী দল সেমিফাইনাল খেলবে। অন্য দল বিশ্বকাপ থেকে বিদায় নেবে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে গৌতম গম্ভীরের ভাগ্য নির্ধারণ করলেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হার্মিসন। তিনি দাবি করেন, ভারত টি-২০ বিশ্বকাপ না জিতলে চাকরি খোয়াবেন টিম ইন্ডিয়ার হেড কোচ। ২০২৪ সালে বার্বাডোজে বিশ্বকাপ জেতে ভারত। এবার খেতাব ধরে রাখার পালা।

একটি ইউ টিউব চ্যানেলে সাক্ষাৎকারে হার্মিসন বলেন, 'গম্ভীরকে ভাললাগা কঠিন। সেটা মোটেই উপকার করে না। ও ক্ষতিকারক। জানি না ও ড্রেসিংরুমে কেমন। ভারতের কোচ হিসেবে ইগো যত কম থাকবে, তত সাফল্য পাওয়ার সম্ভাবনা। ও বিশ্বকাপ না জিততে পারলে আর থাকবে না। তবে যেভাবে কোচিং করাচ্ছে, ওর প্রশংসা প্রাপ্য। তবে ও কাঁটাযুক্ত চরিত্র। একগুঁয়ে প্লেয়ার।' গম্ভীরের আনুগত্যের প্রশংসা করলেও, স্পষ্ট জানিয়ে দেন, একজন ভাল কোচের যে গুণগুলো থাকা প্রয়োজন, সেটা নেই তাঁর মধ্যে। 

হার্মিসন বলেন, 'কিংবদন্তিদের ছাড়া কোচিং করাচ্ছে। তার বদলে মর্নি মরকেল এবং রায়ান টেন দুশখাতেকে নিয়েছে। যারা ওর নজরে সেরা কোচ। অন্তত ওর প্রক্রিয়ায় কোচিং করার ক্ষেত্রে। ও নিজেদের পছন্দের লোকেদের আশেপাশে রাখে। ওর এই বিষয়টার জন্য ওকে সম্মান করি। ভাল কোচের লক্ষণ হল ভুলটা মেনে নেওয়া, এবং সেটা শুধরে নেওয়া। নিজেকে আয়নার সামনে রাখতে হয়। কিছু কাজ না করলে, সেটা ঠিক করতে জানতে হয়। আমার মনে হয় না তাতে ও পোক্ত।' গ্রুপের চারটে ম্যাচ জিতে সুপার এইটে ওঠে ভারত। তারপর দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে বড় হার। পরের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় আবার সেমিফাইনালের রাস্তা খুলে দিয়েছে। রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ নক আউট ম্যাচ। সেই ম্যাচই গ্রুপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারিত করে দেবে।