আজকাল ওয়েবডেস্ক: সময়টা সত্যিই ভাল যাচ্ছে না বাবর আজমের। একসময়ের পাকিস্তান ক্রিকেটের মহাতারকা এখন দলে জায়গা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন। নেদারল্যান্ডের বিরুদ্ধে ১৮ বলে ১৫ রান করে আউট হন। দ্বিতীয় ম্যাচে কিছুটা প্রায়শ্চিত্ত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৩২ বলে ৪৬ রান করেন। তাসত্ত্বেও তাঁর প্রাক্তন সতীর্থরা বাবরের ওপর আশ্বাস রাখতে পারছে না। রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ। অনেকেই মনে করছেন, সেই ম্যাচে আর কিছু দেওয়ার নেই তারকা ক্রিকেটারের। টিভিতে লাইভ সম্প্রচারের সময় বাবরকে নিয়ে হাসিঠাট্টা করেন তাঁর এককালীন সতীর্থরা। ভারত ম্যাচে কত করবেন প্রাক্তন পাক অধিনায়ক? এই নিয়ে মজাদার বাজি রাখেন আহমেদ শেহজাদ, মহম্মদ আমির এবং রশিদ লতিফ।
এক পাকিস্তানি টিভি শোতে শেহজাদ জানান, বাবর যদি ভারত ম্যাচ জেতাতে পারে, তাহলে তিনি অনুষ্ঠানের দর্শক এবং সাপোর্ট স্টাফের জন্য খাবার আনবেন। পাল্টা দেন আমির। তিনি বলেন, বাবর ১৫০ এর বেশি স্ট্রাইক রেট বজায় রেখে ৫০ রান করতে পারলে অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরবেন তিনি। আহমেদ শেহজাদ বলেন, 'দর্শক কো-অর্ডিনেটরকে সেদিন খাবার আনতে হবে না। সবাই খাবার পাবে।' তারপর মহম্মদ আমিরের হয়ে শোয়ার অ্যাঙ্কর বলেন, 'যদি বাবর ১৬০ স্ট্রাইক রেট রেখে পাকিস্তানকে জেতাতে পারে, আমির অবসর ভেঙে ফিরবে। তবে শুধু এই স্ট্রাইক রেট রেখে বড় ইনিংস খেললে।' আমির কিছু বলার আগেই উত্তর দেন শেহজাদ। তিনি বলেন, 'আমরা একটু বাস্তববাদী হই। ১৫০ স্ট্রাইক রেট রেখে ম্যাচ জেতানো ইনিংস খেললে, এবং ৫০ রান করলে, এই কন্ডিশনগুলো আমরা মানব।' তাতে রাজি হয়ে যান আমির।
বাবর আজমের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেঁড়া চলছে। আগের দিন পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের ফর্ম নিয়ে সোচ্চার হন রিকি পন্টিং এবং রবি শাস্ত্রী। বাবরকে তুলোধোনা করেন বসিত আলিও। নেদারল্যান্ডের বিরুদ্ধে বাজে আউটের জন্য একহাত নেন প্রাক্তন তারকা। তিনি মনে করছেন, তাঁকে প্রতি ম্যাচে বয়ে বেড়ানোর ঝুঁকি নেবে না ম্যানেজমেন্ট। এখানেই থামেনি, আরও বড় দাবি করেন। দাবি, বাবর টি-২০ ক্রিকেট খেলার জন্য ফিট নয়। জানান, ক্রিকেটের এই ফরম্যাটে ও মোটেই সুপারস্টার নয়। বসিত আলি বলেন, 'যদি টেস্ট এবং একদিনের ক্রিকেটে বাবর আজমকে সুপারস্টার বলা হয়, তবুও মানা যায়। কিন্তু টি-২০ তে? কোথাকার সুপারস্টার? নিয়মিত ব্যাটিং পজিশন থেকে নীচে নেমে চার নম্বরে ব্যাট করতে নামছে। ম্যানেজমেন্টকে বলতে পারছে না ও চার নম্বর ব্যাটার নয়। বাবর কি নিজে এটা জানে না?' ভারত ম্যাচে কি যাবতীয় কটাক্ষের জবাব দিতে পারবেন বাবর?
