আজকাল ওয়েবডেস্ক: অভিষেক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে বুমরার বলে প্র্যাকটিসে চোট পেয়েছেন ঈশান কিষান। বুমরার ইয়র্কার উইকেটকিপার ব্যাটারের পায়ে লাগে। ব্যথায় কাতর হয়ে পড়েন ঈশান। মাঠেই কিছুক্ষণ শুশ্রূষা চলে। তারপর খোঁড়াতে খোঁড়াতে নেট ছাড়েন। তার কিছুক্ষণ পরে আবার ব্যাট করতে নামেন। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি।
বুধবার প্র্যাকটিসে দুর্দান্ত ছন্দে ছিলেন ঈশান। কিন্তু চোট চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। অভিষেক হাসপাতাল থেকে ছাড়া পেলেও নামিবিয়া ম্যাচে এখনও অনিশ্চিত। তাই সঞ্জু স্যামসনকে তৈরি রাখা হচ্ছে। শেষপর্যন্ত সুস্থ না হতে পারলে তাঁর জায়গায় ওপেন করবেন সঞ্জু। তবে বিধ্বংসী ওপেনারকে পাওয়ার বিষয়ে আশাবাদী ভারতীয় শিবির। বুধবার তিলক বর্মা বলেন, ‘ম্যাচের আগে এখনও একদিন হাতে সময় আছে। ও কেমন আছে দেখার পর আমরা ম্যাচের দিনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নামিবিয়া ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে। অভিষেক না পারলে তাঁর জায়গায় খেলবেন সঞ্জু। আর কিষান না পারলে তাঁর জায়গায় কে খেলবেন তা এখনও নির্দিষ্ট নয়। কিষান না পারলে ওপেনিং স্লট ঘেঁটে যেতে পারে। তবে তিনে আসবেন তিলক। চারে অধিনায়ক সূর্য। পাঁচ থেকে সাতে রিঙ্কু, হার্দিক ও শিবম দুবে। আটে নামবেন অক্ষর। স্পিনার হিসেবে থাকবেন বরুণ। দুই পেসার সম্ভবত বুমরা ও সিরাজ। আগের ম্যাচে অর্শদীপ খেলেছিলেন বুমরার জায়গায়। কিন্তু নামিবিয়া ম্যাচে বুমরা ফিরবেন। সেক্ষেত্রে অর্শদীপকে বসতে হতে পারে। সিরাজ আমেরিকা ম্যাচে তিন উইকেট পাওয়ায় তাঁকে খেলাতে চাইছেন গম্ভীর।
তবে ভারতীয় শিবিরের জন্য সুখবর বুমরার প্রত্যাবর্তন। পরপর দু’দিন নেটে পুরোদমে বল করেন তারকা পেসার। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে না খেলতে পারলেও নামিবিয়া ম্যাচে ফিরবেন। তারপরই পাকিস্তানের মুখোমুখি ভারত। বৃহস্পতিবার তার মহড়া সেরে রাখতে চাইবেন বুমরা। তিলক বলেছেন, ‘বুমরা এখন সম্পূর্ণ ফিট। আমাদের হাতে আরও একটা দিন আছে। আশা করা যাচ্ছে, ও দলে ফিরবে। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। আমার মনে হয়, নামিবিয়া ম্যাচে খেলবে।’ নেটে বল করার পর ক্যাচিং ড্রিলেও অংশ নেন বুমরা। নেটে ব্যাট এবং বল করতে দেখা যায় ওয়াশিংটন সুন্দরকেও। খোলামেলা মেজাজে ছিলেন সূর্যকুমার যাদব।
