আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র তিনদিন। তারপরই ভারত-পাকিস্তান মহারণ। তার আগে বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ টিম ইন্ডিয়ার। কিন্তু ইতিমধ্যেই পাকিস্তান ম্যাচের ভাবনা ঢুকে পড়েছে শিবিরে। ম্যাচের আগে আগাম হুঁশিয়ারি তিলক বর্মার। জানান, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য তাঁরা তৈরি। দাবি করেন, ম্যাচটা হবে জানার পর দল তেড়েফুঁড়ে আছে। এক কথায়, ম্যাচ জোনে প্রবেশ করে ফেলেছে ভারত। এই প্রসঙ্গে তিলক বলেন, 'সত্যি বলতে, আমরা খুবই উত্তেজিত। আমরা দু'দিন আগে জানতে পেরেছি, ম্যাচটা হবে। আমরা তৈরি। আমরা সব দলের দিকে নজর রাখছি। আমরা বোলার এবং ব্যাটারদের দিকে নজর রাখছি। সমস্ত প্লেয়ার এবং দলের সদস্যরা খেলার জন্য তৈরি। আমরা ম্যাচ জোনে ঢুকে পড়েছি। এবার পরিকল্পনা শুরু হবে।' 

আগের দিন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন, এতদিন ধরে কলম্বোয় থাকার কিছুটা সুবিধা পাবে পাকিস্তান। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। কিন্তু তেমন মনে করছেন না তিলক। জানান, বিষয়টি বিরাট পার্থক্য গড়ে দেবে না। তিলক বলেন, 'আমরা ম্যাচ প্রতি এগোচ্ছি। আমাদের ভিডিও অ্যানালিসিস হয়। আমরা দেখব উইকেট কেমন চরিত্র নেয়। সবার হাতে বিভিন্ন শট আছে। কোন বোলারকে টার্গেট করতে হবে আমরা ঠিক করে নেব।' 

সাধারণত আক্রমণাত্মক প্লেয়ার। কিন্তু ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সবধরনের ভূমিকা পালন করতে তৈরি বাঁ হাতি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিতলেও, ব্যাটাররা ব্যর্থ হয়। নিয়মিত উইকেট হারায়। তিলক জানান, ব্যাটিং অর্ডার নির্দিষ্ট রাখতে চান না গম্ভীর। তবে দ্রুত উইকেট হারালে, সতর্ক হতে বলেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। তিলক বলেন, 'তাড়াতাড়ি উইকেট হারালে গৌতম ভাই আমাদের সাবধানে খেলতে বলেছে। প্রয়োজনে সূর্যকুমার ভাই এবং আমি শেষপর্যন্ত টিকে থাকতে পারি।' চোট সারিয়ে ফিরেই ওয়ার্ম আপ ম্যাচে রান পান। এবার বিশ্বমঞ্চে জ্বলে ওঠার জন্য তৈরি তিলক। 

প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য সবসময় মানসিকভাবে প্রস্তুত ছিল ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি বয়কটের সিদ্ধান্ত তুলে ফেলায় সেটা আরও মজবুত হয়েছে। দাবি করেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। গম্ভীরের ডেপুটি বলেন, 'আমরা এটা ধরে নিয়েই এগোচ্ছিলাম। আমরা সবসময় মনে করছিলাম আমাদের খেলতে হবে।' ভারত-পাক ম্যাচের মঞ্চ তৈরি।