আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ থেকে অকাল বিসর্জন মানতে পারছে না অস্ট্রেলিয়া। এবার অজিদের পারফরম্যান্সের 'ফরেনসিক রিভিউ' হবে। জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে মিচেল মার্শরা।‌ শুক্রবার পাল্লেকেলেতে ওমানের বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার। তবে সেটা শুধুই নিয়মরক্ষার। ২০০৯ সালের পর প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। সুপার এইটে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়া দলের নির্বাচক টোনি ডোডেমেড জানান, প্লেয়াররা দেশে ফিরলে পারফরম্যান্সের কাঁটাছেঁড়া হবে। অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ডোডেমেড বলেন, 'যেভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া, খুবই হতাশাজনক। আমাদের কিছুটা সময় দরকার। আমাদের শেষ ম্যাচ হয়ে যাওয়ায় পর পারফরম্যান্সের রিভিউ করা হবে। শুক্রবার ওমানের বিরুদ্ধে বড় জয় দিয়ে শেষ করতে হবে। প্লেয়াররা দেশে ফেরার পর রিভিউ করা হবে।' 

চোটের জন্য টি-২০ বিশ্বকাপে ছিলেন না দলের দুই সেরা পেসার প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড।‌ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন মিচেল স্টার্ক। তারওপর টুর্নামেন্ট চলাকালীন চোট পান মিচেল মার্শ। যার ফলে দলের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ফর্মে থাকা স্টিভ স্মিথকে দলে নেওয়া হয়নি। ২০২৮ টি-২০ বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সেই পরিকল্পনা এখনই ঢুকে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্দরমহলে। ডোডেমেড বলেন, 'আমরা প্রত্যেক বিশ্বকাপ জিততে চাই। সেটা যেখানেই হোক। পরেরটা আমাদের ঘরের মাঠে। আমরা নিজেদের দেশে ভাল খেলতে চাই। আমরা ওমানের বিরুদ্ধে ভাল খেলে জিততে চাই। এরপর আমরা ২০২৮ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু করব। তার মাঝে ২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আছে। আমরা এই বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে রিভিউ করব। আবেগ দূরে সরিয়ে রেখে বাস্তববাদী হতে হবে।'