আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতে পাকিস্তান। সেমিফাইনালে যাওয়ার অঙ্ক কঠিন। শেষ চারের আশা জিইয়ে রাখতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততেই হবে। তিন ম্যাচের শেষে রানরেটে পাকিস্তানের থেকে এগিয়ে নিউজিল্যান্ড। কিউয়িদের রানরেট +১.৩৯০। সেখানে এক ম্যাচ কম খেলে পাকিস্তানের রানরেট -০.৪৬১। চলতি টি-২০ বিশ্বকাপে সলমন আঘাদের পারফরমেন্স খারাপ। ভারত এবং ইংল্যান্ডের কাছে হারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া এবং নেদারল্যান্ডলসের বিরুদ্ধে জেতে পাকিস্তান। ভারতের কাছে হারের পর শাহিদ আফ্রিদি জানিয়েছিলেন, শাহিন আফ্রিদি, বাবর আজম এবং শাদাব খানকে ভবিষ্যতে টি-২০ দলে নেওয়া উচিত না। এবার সরাসরি ডিগবাজি। শাদাব প্রসঙ্গে এক অদ্ভুত মন্তব্য করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
আফ্রিদি বলেন, 'যদি মাইক হেসন কোচ থাকে, তাহলে আমার মনে হয় শাদাব খানকে অধিনায়ক করা হবে। ওদের মধ্যে একটা যোগসূত্র আছে। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডে দু'জন একসঙ্গে ছিল। শাদাব খারাপ পছন্দ নয়। তবে বোলার হিসেবে ওর পারফরম্যান্স আরও ভাল হলে, কোনও সমস্যা ছিল না। আমরা ওর থেকে ধারাবাহিকতা চাই। সেটা হলে ওকে অধিনায়ক করতে সমস্যা নেই। আমি সবসময় বলি, ও দলের মেরুদণ্ড। আমার মনে হয় ওদের আর কোনও বিকল্প না থাকায়, শাদাবকেই অধিনায়ক করা হবে। তবে ওকে পারফর্ম করতে হবে।'
বর্তমানে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ২ ম্যাচে ১ পয়েন্ট। রানরেট -০.৪৬১। প্রথমে ব্যাট করলে শ্রীলঙ্কাকে ৬৪ রানে হারাতে হবে। পরে ব্যাট করলে, ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছতে হবে। শনিবার শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি দুই দেশ। পাকিস্তানের জন্য নকআউট ম্যাচ। লক্ষ্যে পৌঁছতে পারলে, ছিটকে যাবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে শেষ চারে যাবে পাকিস্তান। নিউজিল্যান্ড সেমিফাইনালে গেলে, কলকাতায় খেলবে। তবে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে জিম্বাবোয়ের কাছে হারতে হবে, এবং ভারতকে গ্রুপের একনম্বর দল হিসেবে সেমিফাইনালে যেতে হবে। এই দুটো পরিস্থিতিই হওয়ার সম্ভাবনা কম। তবে যেভাবে ভাগ্য সঙ্গ দিচ্ছে, পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একেবারেই ছন্দে নেই শ্রীলঙ্কা। নিজেদের দেশে বিশ্বকাপ হওয়া সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। কমজোরী প্রতিপক্ষকে হারানোর চ্যালেঞ্জ সলমন আঘাদের সামনে।
