আজকাল ওয়েবডেস্ক: হাঁটুর চোটের জন্য টি–২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। ইতিমধ্যে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ভারতীয় পেসারের। তিনি কেমন আছেন, তা জানালেন হর্ষিত নিজেই। পেসারের শারীরিক অবস্থার কথা জানিয়েছে আইপিএলে তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও।
হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হর্ষিত। হাসিমুখেই ছবি তুলেছেন তিনি। হর্ষিত লিখেছেন, ‘অস্ত্রোপচার ভালভাবে হয়েছে। এবার সুস্থ হয়ে যা ভালবাসি সেখানেই ফেরার পালা।’
এটা ঘটনা, টি–২০ বিশ্বকাপের পরেই আইপিএল। কলকাতা নাইট রাইডার্সে ভাল খেলেই হর্ষিতের ভারতীয় দলে সুযোগ পাওয়া। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট নিয়ে কেকেআর সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘ভাল করে সুস্থ হয়ে ওঠো হর্ষিত। আমরা তোমার অপেক্ষা করছি।’ কেকেআরের কথা থেকে ইঙ্গিত, বিশ্বকাপে খেলতে না পারলেও আইপিএলের আগে সুস্থ হয়ে উঠবেন এই ডানহাতি পেসার।
কেকেআরের মেন্টর থাকাকালীন হর্ষিতকে কাছ থেকে দেখেছেন গৌতম গম্ভীর। তিনি ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর তিন ফরম্যাটেই অভিষেক হয়ে গিয়েছে হর্ষিতের। তাঁকে ধারাবাহিক ভাবে দলে সুযোগ দেওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। অনেকেই অভিযোগ করেছেন, গম্ভীরের প্রিয়পাত্র হওয়ায় হর্ষিত সুযোগ পান। এই অভিযোগের জবাবও দিয়েছেন গম্ভীর। তিনি স্পষ্ট করে দিয়েছেন, নিজের যোগ্যতায় দলে জায়গা করেছেন হর্ষিত।
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে ভারতীয় দলে তিন পেসারের মধ্যে একজন ছিলেন হর্ষিত। যদি কোনও ম্যাচে জসপ্রীত বুমরা বা অর্শদীপ সিং না খেলতেন, তাহলে প্রথম একাদশে খেলার কথাও ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়েন তিনি। বদলে মহম্মদ সিরাজকে বিশ্বকাপের দলে নেওয়া হয়। প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগও পান সিরাজ। আর প্রথম সুযোগেই নেন তিন উইকেট।
