আজকাল ওয়েবডেস্ক:বিশ্বজয়ের পরে ট্রফি নেওয়ার জন্য মঞ্চে ওঠার সময় নিজের দু'গালে বারবার চর মারতে দেখা গিয়েছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। যেন বিশ্বাসই করতে পারছিলেন না বিশ্বকাপ জিতে নিয়েছেন। এক মুখ হাসি নিয়ে মঞ্চে ওঠেন। ততক্ষণ হাজির টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটাররা।
অধিনায়কের অপেক্ষা ছিল। আইসিসি চেয়ারম্যান জয় শাহের হাত থেকে ট্রফি নিতেই শুরু সেলিব্রেশন। তার আগে তাঁকে আলিঙ্গন করেন স্কাই। ফিরে যান দু'বছর আগে। বার্বাডোজে রোহিত শর্মার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন সূর্যকুমার যাদব। তখন সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। হিটম্যান ছাড়ার পর ব্যাটন যে তাঁর হাতে আসবে, জানতেন না। কিন্তু তৎকালীন বিসিসিআইয়ের সচিব জয় শাহ এবং বিদায়ী অধিনায়ক রোহিত শর্মার পরামর্শে সূর্যকে টি-২০ অধিনায়ক করা হয়। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর বৃত্ত পূরণ হল স্কাইয়ের।
বিশ্বকাপ হাতে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন জশপ্রীত বুমরাহকে। সূর্য বলেছিলেন, ''এক একটা প্রজন্মে বুমরাহর মতো বোলার একবারই জন্মায়। আমি ওকে জাতীয় সম্পদ বলতে পারি। ও জানে কী করতে হবে। ও সেরা বোলার।''
সেই সূর্যই ভারতের চ্যাম্পিয়ন বোলারকে এবার রোবট বলে উল্লেখ করলেন। আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকে বলতে শোনা গিয়েছে, ''এই টুর্নামেন্টে ভারতের কোনও বোলার ম্যান অফ দ্য ম্যাচ জেতেনি। এটাই সবদিক থেকে দারুণ একটা ম্যাচ ছিল, দারুণ একটা মুহূর্ত ছিল। রোবট, জাতীয় সম্পদ, জশপ্রীত বুমরাহ হাত ঘোরাল দেশের জন্য। বারংবার একই কাজ করেছে এবং সফল হয়েছে।''
সূর্য আরও বলেন, ''২৫০,২৫৬ করার পরে আমরা জানতাম আমরা একটু হলেও এগিয়ে রয়েছি। কারণ আমাদের বোলিংয়ের জন্য। আমি জানতাম যে কোনও দিনে এই রান আমার জন্য ওরা আটকে রাখার ক্ষমতা রাখে।''
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮টি ম্যাচে বুমরাহ ১৪টি উইকেট নিয়েছেন। ফাইনালে তাঁর ঝুলিতে ছিল চারটি উইকেট। এরকম একজন বোলারকে জাতীয় সম্পদ, রোবট তো বলতেই হবে।
