আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ার পরই বিপাকে পড়ল ‘সানরাইজার্স লিডস’। বৃহস্পতিবার ইংল্যান্ডের ঘরোয়া ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের নিলামে আবরারকে দলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফ্র্যাঞ্চাইজিটির এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এক্সের তরফে কী কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে তার কোনও ব্যাখা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সান গ্রুপের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে রয়েছেন কালানিধি মারান।
জানা গিয়েছে, নিলাম চলাকালীন পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদকে দলে নিতে পরপর বিড করে সানরাইজার্স। প্রায় ২.৩৪ কোটি টাকায় তাঁকে দলে নেওয়া হয়।
লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত নিলামে ফ্র্যাঞ্চাইজির সিইও কাব্য মারান নিজে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন দলের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরিও। নিলামের টেবিলে বসে তারা ট্রেন্ট রকেটসকে হারিয়ে আবরার আহমেদকে দলে নেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ইংল্যান্ডের টি–টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক এই দলের অধিনায়কত্ব করবেন। কিন্তু এরপরেই শুরু হয় আসল বিতর্ক। কারণ, সাম্প্রতিক বছরগুলিতে এই প্রথম কোনও আইপিএল–সংযুক্ত ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের কোনও ক্রিকেটারকে দলে নিল।
এর জেরে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনেকে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করার ডাকও দেন।
এর মধ্যেই হঠাৎ করে ‘সানরাইজার্স লিডস’-এর এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। বর্তমানে কেউ অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করলে দেখা যাচ্ছে ‘Account suspended. X suspends accounts that violate the X rules.’
তবে এখনও পর্যন্ত এক্স কর্তৃপক্ষের তরফে স্পষ্ট করে জানানো হয়নি, ঠিক কোন কারণে সানরাইজার্স লিডসের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে।
যুক্তরাজ্যে এই সিদ্ধান্তকে যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় বেছে নেওয়ার উদাহরণ হিসেবে প্রশংসা করা হলেও, ভারতে বহু ক্রিকেটপ্রেমীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে সানরাইজার্স ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন।
‘দ্য হান্ড্রেড’-এর আট দলের এই টুর্নামেন্ট আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই বিতর্কের পিছনে মূল কারণ আবরার আহমেদের ২০২৫ সালের মাঝামাঝি সময়ে করা কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট।
সীমান্তে উত্তেজনার সময় তিনি এমন কিছু পোস্ট করেছিলেন বলে অভিযোগ ওঠে যা ভারতীয় সেনাবাহিনীকে ব্যঙ্গ করে করা হয়েছে বলে দাবি করছেন অনেক ভারতীয় সমর্থক।
আবরারকে দলে নেওয়ার খবর সামনে আসতেই এক্স হ্যান্ডেলে #ShameOnSRH এবং #BoycottSunrisers হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে।
সমালোচকদের দাবি, যে ক্রিকেটার ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করেছিলেন, তাকে মোটা অঙ্কের চুক্তিতে দলে নিয়ে ফ্র্যাঞ্চাইজির মালিকরা দেশের অনুভূতিকে অগ্রাহ্য করেছেন।
অনেকে আবার সানরাইজার্স ব্র্যান্ডের মুখ কাব্যা মারানকেও কড়া সমালোচনা করেছেন। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামে তিনি আবরার আহমেদের জন্য বিড করেন বলেও অভিযোগ উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন, ‘বহু বছর ধরে দেশের প্রতি সম্মান দেখিয়ে ভারতীয় দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলেছে।
কিন্তু বিদেশি লিগে টাকা এলেই সেই অবস্থান বদলে যায়। ভারতীয় মালিকানা, ভারতীয় ব্র্যান্ড, কিন্তু দেশের বাইরে অবস্থান অন্যরকম।’
গত কয়েক মাস ধরে জল্পনা ছিল, ‘দ্য হান্ড্রেড’-এর চারটি ভারতীয় মালিকানাধীন দল, সানরাইজার্স লিডস, এমআই লন্ডন, ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস এবং সাদার্ন ব্রেভ, পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলার এক অলিখিত নীতি মেনে চলবে।
দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি ও সংযুক্ত আরব আমিরশাহির আইএলটি-টোয়েন্টি লিগেও আইপিএল মালিকানাধীন দলগুলিকে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিড করতে দেখা যায়নি।
তবে নিলামের আগের দিন ইসিবি সব ফ্র্যাঞ্চাইজিগুলিকে সতর্ক করে, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনও কারণের ভিত্তিতে কোনও খেলোয়াড়কে বাদ দিলে তা যুক্তরাজ্যের বৈষম্যবিরোধী আইনের বিরুদ্ধে।
