আজকাল ওয়েবডেস্ক: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-য়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক বিতর্কিত আউটের শিকার হন রোহিত পাউডেল। কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
ইনিংসের ৩৮-তম ওভারের শেষ বলে যুক্তরাষ্ট্রের বোলার মিলিন্দ কুমারের ডেলিভারিতে এলবিডব্লিউ আউট দেওয়া হয় পাউডেলকে। তবে রিপ্লেতে দেখা যায়, বলটি তাঁর প্যাডে লাগেনি। বরং সুইপ মারতে গিয়ে গ্লাভসে বলটি লেগেছিল। তবুও আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় নেপাল অধিনায়ককে।
আউটের সিদ্ধান্তে স্পষ্টতই অসন্তোষ প্রকাশ করেন পাউডেল। ড্রেসিংরুমে ফেরার পথে তিনি ব্যাটে ঘুষিও মারেন। ক্রিকেটের আচরণবিধি অনুযায়ী, আউট হওয়ার পর অতিরিক্ত হতাশা প্রকাশ, অশালীন আচরণ বা সরঞ্জামে আঘাত করলে সাধারণত লেভেল-১ কিংবা লেভেল-২ কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আনা হতে পারে। তবে এ ঘটনায় পাওডেলের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
There have been no shortage of poor umpiring decisions during the ongoing ODI tri series in Nepal. Add this from today to the list. Nepal captain Rohit Paudel given lbw on a ball that never hit his pads, appeal upheld from USA bowler Milind Kumar on gloved sweep into the ground. pic.twitter.com/KN9PwL1s7A
— Peter Della Penna (@PeterDellaPenna)Tweet by @PeterDellaPenna
উল্লেখ্য, রোহিত পাওডেল বর্তমানে নেপাল দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তিনি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এও দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই আসরে নেপাল শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত মাত্র চার রানে হেরে যায়। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
বিশ্বকাপ চলাকালীন পাউডেল বলেছিলেন, টেস্ট খেলিয়ে দেশগুলোর বিরুদ্ধে নিয়মিত সিরিজ খেলার সুযোগ পেলে নেপাল আরও উন্নতি করতে পারবে। তাঁর ভাষায়, ''বছরে অন্তত একটি বা দু'টি সিরিজ খেলতে পারলে নিজেদের আরও ভালভাবে যাচাই করা সম্ভব হবে।''
এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ভারতের মতো বড় দল নেপাল সফরে গেলে তা দেশটির ক্রিকেটের জন্য বড় অনুপ্রেরণা হবে বলেও মন্তব্য করেন তিনি।















