আজকাল ওয়েবডেস্ক: আইএসএল জিতলেও ইনভেস্টর সমস্যায় ইস্টবেঙ্গল। লাল হলুদ কর্তাদের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর। তিনি মনে করেন, বাংলায় পালাবদলে বিনিয়োগ বাড়বে। লগ্নি করবে বড় সংস্থাগুলো। তাই ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়তে হবে না ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ অন্যান্য ক্লাবগুলোকে। আগের সরকার ইমামি গ্রুপকে আনতে সাহায্য করেছিল। প্রয়োজনে এই সরকারও কি সরাসরি ইনভেস্টর আনতে সাহায্য করবে ইস্টবেঙ্গলকে? ইন্দ্রনীল খাঁ বলেন, 'ইস্টবেঙ্গল কর্তারা আমাদের সাহায্য চাইলে, আমরা অবশ্যই সাহায্য করব। জোর করে কাউকে ধরে আনা সম্ভব না, তবে আমরা প্রয়োজনে ক্লাবের পাশে আছি। পশ্চিমবঙ্গে সর্বক্ষেত্রে বিনিয়োগের অভাব হয়েছে। কর্মসংস্থান আসেনি। ছেলেমেয়েরা কর্মসংস্থানের জন্য পরিযায়ী হয়েছে। খেলোয়াড়রাও পরিযায়ী হয়েছে। বিনিয়োগের অভাবে ক্লাবগুলোর এই পরিস্থিতি হয়েছে। এবার বাংলায় নতুন শিল্প আসছে। নতুন বিনিয়োগ আসছে। আমার মনে হয়, ভবিষ্যতে ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ বাকি ক্লাবের কোনও আর্থিক সমস্যা হবে না। কারণ সর্বক্ষেত্রে বিনিয়োগ আসছে। যার সুফল ক্লাবগুলোও পাবে।'
অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার ক্লাব নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল। নতুন ক্রীড়ামন্ত্রী জানালেন, তদন্ত শুরু হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই জানা যাবে। ইন্দ্রনীল খাঁ বলেন, 'ডায়মন্ড হারবার ক্লাব নিয়ে ভুরিভুরি অভিযোগ এসেছে। অনেক অনিয়ম আছে। অনেককে বেআইনিভাবে সুযোগ দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়ে গিয়েছে। আশা করছি শীঘ্রই সবকিছু জানা যাবে।'

অস্থায়ী ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক যুবভারতীর বাইরে মূর্তি বসানো নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছিলেন। তিনি জানান, ইস্টবেঙ্গল, মোহনবাগান কেন্দ্রীক কোনও পরিকল্পনা নেওয়া হবে। সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী এই নিয়ে সরাসরি কিছু বলতে চাননি। ইন্দ্রনীল খাঁ বলেন, 'সিনিয়র ফুটবলারদের সঙ্গে কথা চলছে। বাংলার কৃতি সন্তানদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।'
মেসিকাণ্ডে সরাসরি অরূপ বিশ্বাস প্রসঙ্গে কিছু বলতে চাননি। তবে ঘুরিয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর সমালোচনা করেন। ইন্দ্রনীল খাঁ বলেন, '১০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রি হয়েছে। ১০০০ টাকার টিকিট ১৫০০০ টাকায় বিক্রি হয়েছে। মেসির মতো কিংবদন্তিকে অনুপযুক্তভাবে ছোঁয়া হয়েছে। জোর জবরদস্তি বগলদাবা করে হয়েছে, আলিঙ্গল করা হয়েছে। মেসি বড় প্লেয়ারের পাশাপাশি নিপাট ভদ্রলোক। অন্য কেউ হলে দু'গালে দুটো চড় মেরে দিতে পারত। কিন্তু উনি মাথা ঠাণ্ডা রেখে স্টেডিয়াম ছাড়েন।'
বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে ডুরান্ড কাপ। দায়িত্ব নেওয়ার পর ঐতিহ্যশালী টুর্নামেন্ট নিয়ে ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠক করেন ইন্দ্রনীল খাঁ। আলোচনা ফলপ্রসূ। বড় করেই আয়োজিত হবে মরশুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট। রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানালেন, ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার বেঙ্গল রোয়িং ক্লাবে অনুষ্ঠিত ২২তম বিআরসি স্টুডেন্টস রোয়িং চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর ফাইনাল রেস এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ফাইনাল রেসের সাক্ষী থাকার পাশাপাশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরো বিআরসি ক্লাব ঘুরে দেখেন। জানান নিজের আগামীর পরিকল্পনা। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস বড় আকারে পালনের প্রতিশ্রুতি দেন। সেদিন কলকাতার রেড রোডের অনুষ্ঠানে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।















