আজকাল ওয়েবডেস্ক: সাত কেজি ওজন ঝরিয়েছেন। চোট সারিয়ে আইপিএলে নামতে প্রস্তুত শ্রেয়স আইয়ার। গতবার ফাইনালে তাঁর দল পাঞ্জাব কিংসকে হারতে হয়েছিল আরসিবির কাছে। এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া শ্রেয়স।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে ফিরছেন। শ্রেয়স বলেছেন, ‘চোট সারিযে ফেরাটা বরাবরই চ্যালেঞ্জিং। চোটের জন্য সাত কেজি ওজন কমেছে। দু’মাস পর মাঠে ফিরতে চলেছি। এটা ভেবেই ভাল লাগছে।’
আইয়ার আরও যোগ করেছেন, ‘এই সাত কেজি ওজন ফিরে পেতে বেশ কষ্ট করতে হবে। বিষয়টি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। আবার দলকে নেতৃত্ব দেব। বেশ ভাল লাগছে।’
তিনি আরও যোগ করেছেন, ‘এবারও প্রত্যাশা রয়েছে। চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালবাসি। আমার চোখ এবার ট্রফির দিকে। এই দুটো মাস একটা পরিবার হয়ে থাকতে হবে।’
শ্রেয়সের কথায়, ‘টিম হোটেল বা অনুশীলন। এই দুটো মাস আমরা একটা পরিবার। নিজেদের মধ্যে যত সময় কাটাব তত বোঝাপড়া বাড়বে। আমার গেম খেলছি। ম্যাচ নিয়ে আলোচনা করছি। পরিকল্পনা তৈরি করছি।’
এদিকে, দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদা বলেছেন, টেস্ট ব্যাটারদের মধ্যে তিনি সবচেয়ে সমীহ করতেন বিরাট কোহলিকে। এক পডকাস্টে রাবাদা বলেছেন, ‘টেস্টে সবচেয়ে ধারাবাহিক বিরাটকেই মনে হয়েছে। বিরাটের উইকেট পেতে গেলে যথেষ্ট কষ্ট করতে হয়।’
টেস্টে চার ধারাবাহিক ব্যাটারদের মধ্যে রাবাদা বেছে নিয়েছেন কোহলি, স্মিথ, উইলিয়ামসন ও রুটকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে তিনি বিরাট নন, বেছে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসে তাঁর প্রাক্তন সতীর্থ ডেভিড ওয়ার্নারকে। রাবাদার কথায়, ‘যে কোনও জায়গায় শট খেলতে পারে। যা কল্পনারও বাইরে।’ তবে টি–২০ ক্রিকেটের নেতিবাচক দিক নিয়েও কথা বলেছেন রাবাদা। বলেছেন, ‘বাউন্ডারি বড্ড ছোট থাকে। বোলারদের জন্য উইকেটে বাউন্সও থাকে না।’
