আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর ওপেনার সঞ্জু স্যামসনকে সতর্ক করে দিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার সঞ্জয় মঞ্জরেকর। 

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন সঞ্জু এবং অভিষেক শর্মা। 

বৈভব সূর্যবংশীকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। স্যামসন মাত্র চার বল খেলেই ৫ রান করে আউট হন। 

ম্যাচ শেষে সনি স্পোর্টস নেটওয়ার্কে কথা বলতে গিয়ে মঞ্জরেকর বলেন, ''সঞ্জু স্যামসনকে এখন খুব সতর্ক থাকতে হবে। কারণ বৈভব সূর্যবংশী তৈরি। সঞ্জু  বা অভিষেক শর্মা ব্যর্থ হলে সেই জায়গা দখল করে নেবে।'' 

তবে একই সঙ্গে মঞ্জরেকর মনে করেন, সূর্যবংশী খেললেও ম্যাচের ফল খুব একটা বদলাত না। তাঁর মতে, ভারতের সামনে লক্ষ্য ছিল অনেক বড় এবং উইকেটও ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না।

তিনি বলেন, ''আমার মনে হয় বৈভব হয়তো অভিষেকের চেয়ে সামান্য ভাল খেলতে পারত। কিন্তু এমন রান তাড়া করতে হলে প্রথম ছ' ওভারেই ঝুঁকি নিতে হত এবং সেই গতি ধরে রাখতে হত। লক্ষ্যটা অনেক বড় ছিল, আর কন্ডিশনও সহজ ছিল না। ডাম্বুলার ত্রিদেশীয় সিরিজেও দেখা গিয়েছিল, ওর ব্যাট থেকে খুব বেশি ছক্কা আসছিল না।''

নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারতের শুরুটা হয় হতাশাজনক। দ্বিতীয় ম্যাচে ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে?