আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বেন স্টোকসকে ছাঁটাই করল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। পানশালার ঘটনার খেসারত দিতে হল ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে। কেরিয়ারের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন স্টোকস। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা অলরাউন্ডার। কিন্তু মাঝরাতের কারফিউয়ের তোয়াক্কা না করে, প্রথম টেস্টের জয় সেলিব্রেট করতে সতীর্থ গাস আটকিনসনকে নিয়ে নাইটক্লাবে যান স্টোকস। তারপর সেখানে এক রাগবি প্লেয়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এই ঝামেলার খেসারত দিতে হল। ইংল্যান্ডের দুই ক্রিকেটারের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল ইসিবি। 

আপাতত মাত্র এক টেস্টে নেই স্টোকস। কিন্তু শোনা যাচ্ছে, এই ঘটনার জেরে আগাম অবসর ঘোষণা করতে পারেন ইংল্যান্ডের অলরাউন্ডার। কিন্তু এমন কঠিন সময় অবসরের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন নাসের হোসেন। একটি ক্রিকেট পডকাস্টে এমন জানান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। নাসের হোসেন বলেন, 'ইংল্যান্ডের জন্য বেন স্টোকস অনেক কিছু করেছে। অধিনায়ক হিসেবে থেকেছে। দলের গুরুত্বপূর্ণ সময় প্লেয়ার হিসেবে সাফল্য পেয়েছে। তালিকায় রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপ। ও ইংল্যান্ডের যোদ্ধা। কিন্তু এবার ভুল করে ফেলেছে। তবে আমার মতে, এটা ছাঁটাই করার মতো ভুল নয়। বর্তমানে ও অন্ধকারের মধ্যে আছে। আশা করছি বেন নিজের ওপর সমস্ত দোষ নিয়ে অবসরের সিদ্ধান্ত নেবে না। আবেগতাড়িত হয়ে অবসর নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে না। ইংল্যান্ডের একজন গ্রেটের এইভাবে কেরিয়ার শেষ হওয়া দুঃখের।' 

অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ স্টোকসের ওপর। কিন্তু শুভাকাঙ্ক্ষীদের কাছে পরামর্শ চাইছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। কিন্তু ইংল্যান্ডের অন্যতম সেরার শেষটা এমন চান না হোসেন। তিনি বলেন, 'ইংল্যান্ডের একজন সেরা ক্রিকেটারের এইভাবে বিদায় নেওয়া উচিত নয়। আমরা যদি বেনকে শেষবারের মতো মাঠে দেখে ফেলি, সেটা দুঃখজনক হবে। আশা করব সেটা যাতে না হয়। ওর এটা প্রাপ্য নয়।' প্রসঙ্গত, গত দু'দিন ধরেই স্টোকসকে নিয়ে বিতর্ক চলছে। শোনা যায়, নেতৃত্ব ছাড়তে পারেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। এমনকী ক্রিকেট থেকেও অবসর নেওয়ার কথা শোনা যায়। সতীর্থ গাস আটকিনসনের সঙ্গে নাইটক্লাব বিতর্কে জড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত নিতে চলেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ১১৫ রানে জেতার পর সোমবার ভোর রাতে ইংল্যান্ডের দুই তারকাকে একটি পানশালায় পাওয়া যায়। একটি অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন তাঁরা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এরপর থেকেই স্টোকসের আগাম অবসরের কথা ভেসে ওঠে।