আজকাল ওয়েবডেস্ক: অনায়াসে টেস্ট ক্রিকেট খেলে যেতে পারত বিরাট কোহলি। এমনটাই মনে করেন একদা তাঁর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।
আচমকাই গত বছর ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট। রোহিতও তাই। তবে অশ্বিন মনে করেন বিরাট চাইলে আরও কয়েক বছর লাল বলের ক্রিকেট খেলতেই পারতেন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, তিনি সরাসরি বিরাটকে বলেছিলেন টেস্ট ক্রিকেট খেলে যেতে পারতে।
এটা ঘটনা, ৩৭ বছর বয়সে অনেকেই ব্যাট–প্যাড তুলে রাখেন। কিন্তু বিরাটের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তিনি এখনও ভীষণরকম ফিট। এখনও রানের খিদে রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও শতরান ও একটি অর্ধশতরান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দুর্দান্ত খেলেছিলেন। অশ্বিন বলেছেন, ‘আমি বিরাটকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম টেস্টটা চালিয়ে যেতে পারতে। কিন্তু পরে এটাও বুঝেছিলাম ভারতীয় ক্রিকেটে এটাই আসল সমস্যা।’
অশ্বিনের কথায়, বিরাট সবসময় টিমকে আগে রাখেন। দলের জয়ের কথা ভাবেন। নিজের ব্যক্তিগত মাইলস্টোনের কথা নয়। অশ্বিন এই বিষয়ে বলেছেন, ‘বরাবর ওঁর কাছে দল প্রাধান্য পেয়েছে। ব্যক্তিগত রেকর্ড নয়। হয়ত দলের কথা ভেবেই টেস্ট থেকে সরে গিয়েছিল।’
প্রসঙ্গত, ১২৩ টেস্টে বিরাটের রান ৯২৩০। গড় ৪৬.৮৫। শতরান ৩০। অর্ধশতরান রয়েছে ৩১টি। শেষ টেস্ট ছিল ২০২৫ সালের ৩ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যদিও সেই টেস্টে ব্যর্থ হয়েছিলেন বিরাট।
এদিকে, প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা বলে দিয়েছেন টেস্টে সেরা বিরাটই। টেস্ট ব্যাটারদের মধ্যে তিনি সবচেয়ে সমীহ করতেন বিরাট কোহলিকে। এক পডকাস্টে রাবাদা বলেছেন, ‘টেস্টে সবচেয়ে ধারাবাহিক বিরাটকেই মনে হয়েছে। বিরাটের উইকেট পেতে গেলে যথেষ্ট কষ্ট করতে হয়।’
টেস্টে চার ধারাবাহিক ব্যাটারদের মধ্যে রাবাদা বেছে নিয়েছেন কোহলি, স্মিথ, উইলিয়ামসন ও রুটকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে তিনি বিরাট নন, বেছে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসে তাঁর প্রাক্তন সতীর্থ ডেভিড ওয়ার্নারকে। রাবাদার কথায়, ‘যে কোনও জায়গায় শট খেলতে পারে। যা কল্পনারও বাইরে।’ তবে টি–২০ ক্রিকেটের নেতিবাচক দিক নিয়েও কথা বলেছেন রাবাদা। বলেছেন, ‘বাউন্ডারি বড্ড ছোট থাকে। বোলারদের জন্য উইকেটে বাউন্সও থাকে না।’
