আজকাল ওয়েবডেস্ক: টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা।  তাঁর নেতৃত্ব, ব্যক্তিগত পারফরম্যান্স—সবকিছু নিয়েই চলছে বিশ্লেষণ ও প্রশ্ন। পাকিস্তান ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তনের দাবিও উঠেছে জোরালোভাবে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, তার পরিবর্তে শাহিন আফ্রিদিকে  টি–টোয়েন্টি দলের অধিনায়ক করার চিন্তাভাবনাও চলছে। তবে এই সম্ভাবনায় তীব্র আপত্তি জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।

২০২৪ সালের শুরুতে আফ্রিদিকে টি–টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজের পরই সেই দায়িত্ব শেষ হয়ে যায়। বর্তমানে তিনি ওয়ানডে দলের নেতৃত্বে থাকলেও সেখানেও সমালোচনার মুখে পড়ছেন। বিশেষ করে, সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হার তাঁর নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

একসময় টি–টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান তো বটেই, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার ছিলেন আফ্রিদি। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ধার ও ধারাবাহিকতায় ভাটা পড়েছে। এবারের বিশ্বকাপেও তিনি নিজের সেরা ছন্দে ছিলেন না। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মতো দলের বিরুদ্ধেও রান দিয়েছেন। ভারতের বিরুদ্ধে ২ ওভারে ৩১ রান দেওয়ার পর বাদই পড়েন। পরে দলে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নিলেও শেষ দিকে আবার রান দিয়ে দেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচেও রান দেন। 

এমন পারফরম্যান্সের প্রেক্ষাপটে তাঁকে আবার টি–টোয়েন্টি অধিনায়ক করার আলোচনা মোটেই গ্রহণযোগ্য মনে করছেন না রশিদ লতিফ। তাঁর কথায়, ''বিশ্বকাপে ব্যর্থতার পর এখন অনেকে বলছেন, শাহিনকে টি–টোয়েন্টি অধিনায়ক করা হোক। কিন্তু অধিনায়কত্ব তো দূরের কথা, দলে থাকারই যোগ্য নয় আফ্রিদি। আমার মতে, এই ফরম্যাটে ওর জায়গাই হওয়া উচিত নয়।''

তিনি আরও বলেন, ''একটা সময় ছিল, যখন আফ্রিদিকে অধিনায়ক করা যেত। কিন্তু এখন সেই পারফরম্যান্স নেই। অনেকেই আফ্রিদিকে আবার টি–টোয়েন্টি অধিনায়ক করার পক্ষে কথা বলছে, কিন্তু আমি এই ফরম্যাটে ওর জায়গাই দেখি না। আমার কাছে মনে হয়, আফ্রিদির সময় শেষ হয়ে এসেছে।''

এখন আফ্রিদির নেতৃত্বের আরেকটি বড় পরীক্ষা হতে যাচ্ছে পিএসএলে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। তিনি নেতৃত্ব দেবেন লাহোর কালান্দার্সকে। সব সমালোচনার জবাব দিতে তিনি কতটা প্রস্তুত, তা বোঝা যাবে এই টুর্নামেন্টেই।