আজকাল ওয়েবডেস্ক: আরও একবার আইপিএল খেতাবের গন্ধ পেতে শুরু করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সকে একপ্রকার উড়িয়ে দিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছে আরসিবি। ম্যাচ জেতার পরে আরিসিবি ক্যাপ্টেন রজত পাতিদার একপ্রকার হুমকি দিয়ে রাখলেন, ''আমরা তোমাদের জন্যই আসছি।'' ফাইনালে আরসিবির মুখোমুখি কে হবে, তা এখনও পরিষ্কার নয়। তবে পাতিদারের এহেন মন্তব্যকে অপর ফাইনালিস্টের বিরুদ্ধে একপ্রকার হুমকি বলেই ধরে নেওয়া হচ্ছে। 

আইপিএলের প্লে-অফে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেন পাতিদার। মাত্র ৩৩ বলে অপরাজিত ৯৩ রান করে তিনি বেঙ্গালুরুকে পৌঁছে দেন ২৫৪ রানের এভারেস্টে, যা আইপিএল প্লে-অফের ইতিহাসে সর্বোচ্চ দলগত রান। শেষ পাঁচ ওভারে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আরসিবি অধিনায়ক।

ব্যাটারদের পর বল হাতেও দারুণ পারফরম্যান্স করেন বেঙ্গালুরুর বোলাররা। শুভমন গিলের দলকে মাত্র ১৬২ রানে অল আউট করে সহজ জয় ছিনিয়ে নেয় আরসিবি। ম্যাচ শেষে পাতিদার বলেন, ''এটা আমাদের জন্য নিখুঁত একটা ম্যাচ ছিল। বিশেষ করে যেভাবে ব্যাটাররা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে, সেটা দারুণ ছিল।'' 

আরসিবি অধিনায়ক জানান, দলের ব্যাটাররা শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চাপ তৈরি করতে চেয়েছিলেন। তাঁর কথায়, ''আমাদের শরীরী ভাষাতেই বোঝাতে হত যে আমরা আক্রমণ করতে এসেছি। মিটিংয়ে এই নিয়েই আলোচনা হয়েছিল। প্রত্যেকে আক্রমণাত্মক মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল।''

নিজের ইনিংস প্রসঙ্গে পাতিদার বলেন, ''প্রথমে ৮-১০ বল সময় নিই উইকেট ও বোলারের আচরণ বোঝার জন্য। তারপর পরিষ্কার ধারণা হয়ে যায় কীভাবে খেলতে হবে। এরপর আর নিজের উইকেট নিয়ে ভাবিনি। বরং বোলারের উপর চাপ তৈরি করার চেষ্টা করি।'' 

এই জয়ের ফলে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে উঠল বেঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে চতুর্থ দল হিসেবে এই নজির গড়ল তারা। ৩১ মে আইপিএল ফাইনাল। আরসিবিকে চ্যালেঞ্জ জানাবে কে সেটাই এখন দেখার।