আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন হার্দিক পাণ্ডিয়া। এমন সম্ভাবনা আইপিএল শেষ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছে। এবার নতুন ফ্র্যাঞ্চাইজি পেতে চলেছেন তারকা অলরাউন্ডার। দৌড়ে এগিয়ে রাজস্থান রয়্যালস। কোটিপতি লিগে আরও একবার ব্যর্থ হওয়ার পর তাঁকে ছেঁটে ফেলতে চাইছে মুম্বই। গুজরাট টাইট্যান্স থেকে অধিনায়ক হিসেবে মুম্বইয়ে যোগ দেন তারকা অলরাউন্ডার। শোনা যাচ্ছে, তিনি নিজেই ফ্র্যাঞ্চাইজি ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। আইপিএলে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। ড্রেসিংরুমে মতবিরোধ হয়। তারপর নাকি হার্দিক নিজেই আর মুম্বইয়ে থাকতে চান না। একটি রিপোর্ট অনুযায়ী, তারকা অলরাউন্ডারকে পাওয়ার দৌড়ে এগিয়ে রাজস্থান রয়্যালস। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে ট্রেড করা হতে পারে।
গত দুই বছর ধরে বাঁ হাতিকে নিয়ে কথাবার্তা চলছে। সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়ার পর ফ্র্যাঞ্চাইজির একনম্বর তারকা হওয়ার সুযোগ ছিল যশস্বীর সামনে। তাঁকে অধিনায়ক নির্বাচিত করার কথাবার্তাও হয়। কিন্তু রিয়ান পরাগকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। ব্যাটার হিসেবেও পিছিয়ে পড়েন। তাঁকে চাপিয়ে যান বৈভব সূর্যবংশী। তাঁর দাপটে ঢাকা পড়ে যায় যশস্বী। তাই আর রাজস্থানে থাকতে চান না বাঁ হাতি ওপেনার। রঞ্জিতে মুম্বইয়ের হয়ে খেলেন যশস্বী। এবার আইপিএলেও মুম্বইয়ে খেলার সম্ভাবনা প্রবল। রাজস্থানের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা চলছে হার্দিকের টিমের। তার বদলে যশস্বীকে চায় মুম্বই।
এদিকে নতুন দল খুঁজছেন সূর্যকুমার যাদবও। বয়স্ক প্লেয়ারদের ছেঁটে ফেলতে চাইছে মুম্বই। দুটো ফ্রাঞ্চাইজি তাঁকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। দুই দলই তাঁকে অধিনায়ক করতে চায়। রোহিত কেরিয়ারের সায়াহ্নে। সূর্যকুমার এবং হার্দিকও চলে যাওয়ায়, ভবিষ্যতের সুপারস্টার দরকার মুম্বইয়ের। সেই জায়গায় তিন ফর্ম্যাটে খেলা যশস্বী আদর্শ। কিন্তু মুম্বই কি তাঁর হাতে নেতৃত্ব দিতে রাজি হবে? সময় বলবে।
















