আজকাল ওয়েবডেস্ক: সদ্য সমাপ্ত আইপিএলে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে একেবারেই হতাশাজনক পারফরম্যান্স করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে শেষ করে তারা। সূত্রের খবর, টানা ব্যর্থতার কারণে পাণ্ডিয়াকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ফ্র্যাঞ্চাইজি। এমনকি তাঁকে দল থেকে রিলিজ বা অন্য দলের সঙ্গে ট্রেড করার সম্ভাবনাও রয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২০২৬ সালের শেষ দিকে জানা যেতে পারে।
এই পরিস্থিতির মধ্যেই হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করেছেন তাঁর প্রাক্তন সতীর্থ হনুমা বিহারী। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ''তাঁরা চাইলে একজন অলরাউন্ডারকেও ট্রেড করতে পারে, কিন্তু অপশন কম। হার্দিককে তাঁরা পাবে না। আমার মনে হয় ৯৯.৯ শতাংশ সিএসকে-তেই যাবে। দলকে কোনওভাবে একজন বিদেশি অলরাউন্ডার খুঁজে বের করতে হবে, সেটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার হতে পারে। এটাই মূল ফাঁক, নাহলে দলটা মোটামুটি সেট।''
উল্লেখ্য, হার্দিক পাণ্ডিয়া ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেন এবং ২০২১ পর্যন্ত নিয়মিতভাবে দলের অংশ ছিলেন। এরপর ২০২২ সালের মেগা নিলামের আগে তিনি গুজরাট টাইটান্সে যোগ দেন এবং নেতৃত্ব পান। তাঁর নেতৃত্বে প্রথম মরশুমেই গুজরাট টাইটান্স আইপিএল খেতাব জিতে নেয়। ২০২৩ সালে তারা ফাইনালে পৌঁছলেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায়, যা ছিল গুজরাটের হয়ে পাণ্ডিয়ার শেষ ম্যাচ।
এরপর ২০২৪ সালের মিনি নিলামের আগে চমকপ্রদভাবে ট্রেডের মাধ্যমে তিনি আবার মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসেন এবং নেতৃত্ব পান। সেই সময়ে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে তাঁর হাতে অধিনায়কত্ব তুলে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। তবে এরপর থেকে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ধারাবাহিকভাবে খারাপ হয়েছে, ২০২৪ সালে তারা শেষ স্থানে ছিল, ২০২৫ সালে দ্বিতীয় কোয়ালিফায়ারে বিদায় নেয় এবং ২০২৬ সালেও লিগ পর্বেই বিদায় নিয়ে নবম স্থানে শেষ করে।















